কলকাতা: দুর্গাপুজো মিটলেই কলকাতা ও হাওড়ায় পুরভোট ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়তে পারে। তার আগেই ভোটের প্রস্তুতিতে নেমে পড়েছে বিজেপি। বিশেষ করে কলকাতা পুরসভা দখলের লক্ষ্যে একাধিক পরিকল্পনা তৈরি করছে গেরুয়া শিবির। তিলোত্তমাকে ইন্দোরের মতো পরিচ্ছন্ন শহর এবং দেশের অন্যতম সেরা পুরসভায় পরিণত করার পরিকল্পনার কথাও আগেই জানিয়েছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
রবিবার দলের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে পুরভোটের প্রস্তুতি ও প্রার্থী বাছাইয়ের পরিকল্পনার কথা জানান সুকান্ত মজুমদার, তাপস রায় এবং রীতেশ তেওয়ারিরা। কলকাতা পুরভোটের দায়িত্বে থাকা বিজেপি নেতারা জানান, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট মাপকাঠিকে গুরুত্ব দেওয়া হবে। তাঁদের বক্তব্য অনুযায়ী, স্বচ্ছ ভাবমূর্তি, নির্বাচনে জেতার সক্ষমতা এবং মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ—প্রার্থী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শর্ত। পাশাপাশি, যুবসমাজের প্রতিনিধিদেরও অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে দল।
প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াকে আরও উন্মুক্ত করতে অভিনব উদ্যোগ নিতে চলেছে বিজেপি। ৬ মুরলিধর সেন লেনে দলের রাজ্য কার্যালয়ের বাইরে রাখা হবে একটি ড্রপ বক্স। কলকাতা পুরসভার কাউন্সিলর পদে বিজেপির প্রার্থী হতে আগ্রহীরা সেখানে নিজেদের বায়োডাটা জমা দিতে পারবেন। দলীয় নেতৃত্বের দাবি, নির্ধারিত মাপকাঠির সঙ্গে যাঁদের যোগ্যতা মিলবে, তাঁদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।
কলকাতা পুরভোটকে সামনে রেখে বিজেপির এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তি, জয়ের সম্ভাবনা এবং জনসংযোগকে সামনে রেখে পুরভোটের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। তবে চূড়ান্ত প্রার্থী তালিকা ও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হওয়া পর্যন্ত পুরভোটের পরবর্তী পদক্ষেপ নিয়ে অপেক্ষা থাকছেই।



















