পুজোর মুখে মর্মান্তিক দুর্ঘটনা! দিঘা যাওয়ার পথে প্রাণ গেল চুঁচুড়ার বিজেপি নেতা রাজা দাসের, হাসপাতালে মণ্ডলের সাধারণ সম্পাদক

পুজোর মুখে মর্মান্তিক দুর্ঘটনা! দিঘা যাওয়ার পথে প্রাণ গেল চুঁচুড়ার বিজেপি নেতা রাজা দাসের, হাসপাতালে মণ্ডলের সাধারণ সম্পাদক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



হুগলি: পুজোর মুখে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চুঁচুড়ার বিজেপির মণ্ডল-৪-এর সভাপতি রাজা দাসের। রবিবার ভোরে বাইকে চেপে দিঘা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। বাইকের পিছনে বসে থাকা মণ্ডলের সাধারণ সম্পাদক সুরজিৎ শীলও গুরুতর জখম হয়েছেন। তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় হুগলির সাংগঠনিক জেলা বিজেপির নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জেলা বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায় জানিয়েছেন, দিঘায় মণ্ডলের একটি কার্যালয়ের উদ্বোধন কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতেই যোগ দিতে রাতে বাইক নিয়ে রওনা দিয়েছিলেন রাজা দাস। পথে কোনও গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে বলে তাঁর দাবি। ভোরে এই দুঃসংবাদ পাওয়ার পর থেকেই শোকাহত দলের নেতা-কর্মীরা।

রাজা দাসের মৃত্যুর খবর তাঁর পরিবারের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা সভাপতি। তাঁর কথায়, রাজা দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতেন। তাঁর অকালমৃত্যুতে দল একজন সক্রিয় কর্মীকে হারাল। বৃদ্ধ বাবা-মায়ের সামনে ছেলের মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কঠিন বলেও শোকপ্রকাশ করেন গৌতম চট্টোপাধ্যায়। প্রয়োজনীয় কাগজপত্রের কাজ সম্পন্ন হলে রাজা দাসের দেহ হুগলিতে নিয়ে আসার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

এই ঘটনার জেরে দিনের সমস্ত দলীয় কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় ও চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ-সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কিন্তু রাজা দাসের অকালমৃত্যুর খবর সামনে আসতেই সেই সব কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পুজোর আগে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ হুগলির বিজেপি মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top