রাজ্য – গেরুয়া রংকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের আবহে নতুন করে জনসচেতনতা তৈরির উদ্যোগ। আগামী ৯ সেপ্টেম্বর কলকাতায় আয়োজিত হতে চলেছে ‘গেরুয়া সম্মান যাত্রা’। প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী, গোলপার্ক থেকে মিছিল শুরু হয়ে যাদবপুরে গিয়ে শেষ হবে। প্রকাশিত পোস্টে জানানো হয়েছে, এই যাত্রায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নিজেও অংশ নেবেন।
কর্মসূচির পোস্ট অনুযায়ী, আগামী বুধবার বিকেল ৩টে থেকে শুরু হবে এই যাত্রা। গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত মিছিলে সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। তাঁদের বক্তব্য, গেরুয়া শুধুমাত্র একটি রং নয়, এর সঙ্গে ত্যাগ, আত্মনিবেদন এবং সনাতন ঐতিহ্যের ভাবনা জড়িয়ে রয়েছে। সেই ধারণাকেই সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
সম্প্রতি কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে গেরুয়া রং নিয়ে নানা মন্তব্য ও বিতর্ক তৈরি হয়েছে। সেই আবহে গেরুয়ার মাহাত্ম্য এবং এর সঙ্গে জড়িত সাংস্কৃতিক ও ধর্মীয় ভাবনা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই এই যাত্রার অন্যতম লক্ষ্য বলে কর্মসূচির সঙ্গে যুক্ত মহলের দাবি।
এর আগে গেরুয়া রংকে ব্যবহার করে কোনও ধরনের অশান্তি বা অসম্মান বরদাস্ত করা হবে না বলেও অবস্থান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফলে ৯ সেপ্টেম্বরের এই কর্মসূচি ঘিরে কলকাতায় রাজনৈতিক ও সামাজিক মহলে নজর থাকবে বলেই মনে করা হচ্ছে।




















