জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা গ্রেপ্তার, তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা গ্রেপ্তার, তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার অভিযোগে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক জাহাঙ্গির খানের স্ত্রী রেজিনা বিবি ওরফে সারিকাকে গ্রেপ্তার করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। শনিবার তাঁকে দক্ষিণ ২৪ পরগনার জুলপিয়া এলাকা থেকে আটক করা হয়। পরে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে পেশ করা হলে আদালত তাঁকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই রেজিনা বিবি পলাতক ছিলেন। তদন্তকারীদের অনুমান, তিনি এলাকা ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। গ্রেপ্তারের পর নিরাপত্তার স্বার্থে প্রথমে তাঁকে উস্তি থানায় নিয়ে যাওয়া হয়। পরে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করানো হয়।

রেজিনা বিবির বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, বেআইনি জমায়েত সংগঠিত করা, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার ষড়যন্ত্র, জাহাঙ্গির খানকে থানা থেকে ছাড়িয়ে আনার পরিকল্পনা এবং পুলিশের গাড়ির উপর আক্রমণের মতো ঘটনায় তাঁর ভূমিকা ছিল। এছাড়াও অস্ত্র ও বিস্ফোরক আইনের বিভিন্ন ধারাতেও মামলা দায়ের করা হয়েছে।

আদালতে শুনানির সময় বিচারক রেজিনা বিবিকে একাধিক প্রশ্ন করেন। তাঁর পক্ষে কোনও ব্যক্তিগত আইনজীবী রয়েছেন কি না জানতে চাইলে তিনি জানান, তাঁর কোনও আইনজীবী নেই। শেষ পর্যন্ত সরকারি লিগ্যাল এইডের একজন আইনজীবী তাঁর হয়ে সওয়াল করেন। তবে শুনানি শেষে আদালত জামিনের আবেদন খারিজ করে পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

একই দিনে আদালতে হাজির করা হয় প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খানকেও। ছয় দিনের পুলিশ হেফাজত শেষে তাঁকে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।

পুলিশ সূত্রে খবর, জাহাঙ্গির খানের বিরুদ্ধে চলমান মামলাগুলির পাশাপাশি আরও কয়েকটি পৃথক মামলার তদন্ত চলছে। প্রয়োজন হলে জেল হেফাজতে থাকাকালীন তাঁকে অন্য মামলাতেও গ্রেপ্তার দেখিয়ে পুনরায় আদালতে পেশ করা হতে পারে। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top