রাজ্য – তামান্না খাতুন হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকা আরও ১২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে ধৃতদের নামের তালিকা প্রকাশ করে লেখেন, ‘কথা রেখেছি।’ পাশাপাশি তিনি জানান, তামান্নার পরিবারের কাছে দেওয়া ন্যায়বিচারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকেই সরকার এগিয়ে চলেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৩ জুন নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশের দিন মোলান্দি গ্রামে তৃণমূল সমর্থকদের বিজয় মিছিল চলাকালীন তামান্না খাতুনের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। সেই হামলায় গুরুতর জখম হয়ে মৃত্যু হয় ছোট্ট তামান্নার। ঘটনায় নিহতের মা সাবিনা ইয়াসমিন ২৪ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তদন্তের শুরুতে ১১ জনকে গ্রেফতার করা হলেও দীর্ঘদিন ধরে বাকি অভিযুক্তদের খোঁজ মেলেনি বলে অভিযোগ ছিল পরিবারের। এক বছর কেটে যাওয়ার পরও ন্যায়বিচার না মেলায় প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন জানান সাবিনা ইয়াসমিন। পরে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পান।
সেই আশ্বাসের পর গত কয়েক দিনের অভিযানে আরও ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এফআইআরে নাম থাকা প্রায় সব অভিযুক্তই এখন পুলিশের জালে। তিনি আরও জানান, অভিযুক্তদের ধরতে কৃষ্ণনগর জেলা পুলিশ গুরগাঁও ও নাগপুর-সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে এবং সেখান থেকেও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
সরকারের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি দ্রুত ন্যায়বিচারের আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে শুভেন্দু অধিকারী তদন্তে যুক্ত পুলিশকর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।



















