তোলাবাজির অভিযোগে এবার কড়া পদক্ষেপের পরামর্শ অর্জুন সিংয়ের, শমীককে বললেন ‘অ্যাকশন নিতে হবে’

তোলাবাজির অভিযোগে এবার কড়া পদক্ষেপের পরামর্শ অর্জুন সিংয়ের, শমীককে বললেন ‘অ্যাকশন নিতে হবে’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর খুব বেশি সময় কাটেনি। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সামনে আসতে শুরু করেছে। কোথাও ছোট-বড় নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কোথাও আবার মারধর ও গোষ্ঠীকোন্দলের ঘটনা ঘিরে অস্বস্তিতে পড়ছে দল। পরিস্থিতি সামাল দিতে একাধিকবার সতর্কবার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তোলাবাজি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তাও দিয়েছেন তিনি। কিন্তু তারপরও অভিযোগ ওঠায় এবার রাজ্য সভাপতিকে কড়া পদক্ষেপ করার পরামর্শ দিলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং।

এদিন এই প্রসঙ্গে অর্জুন সিং বলেন, “কঠোর হওয়া উচিত। যাঁরা এই সব করছে, তাঁদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত।” দলের শীর্ষ নেতৃত্বের বারবার নিষেধ সত্ত্বেও কেন একাংশের নেতা-কর্মী সেই নির্দেশ মানছেন না, সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “দেখুন, বলে যদি না শোনে, তাহলে তো অ্যাকশন নিতে হবে। দলের থেকে বড় কেউ নয়। যাঁর জন্য দলের ভাবমূর্তি নষ্ট হবে, তাঁর বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া উচিত।”

অর্জুন সিংয়ের বক্তব্য, শুধুমাত্র সতর্কবার্তা দিয়ে এই ধরনের প্রবণতা বন্ধ করা সম্ভব না হলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাঁর মতে, দলীয় ভাবমূর্তি রক্ষা করতে হলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।

তোলাবাজি ও গোষ্ঠীকোন্দল নিয়ে জেলাস্তরে একের পর এক অভিযোগের আবহে অর্জুন সিংয়ের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এবার রাজ্য নেতৃত্ব এই বিষয়ে কী পদক্ষেপ করে, সেদিকেই নজর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top