তৃণমূল সাংসদ নাদিমুল হকের সংবাদপত্রের অফিসে ইডির হানা! পার্ক সার্কাসে ‘আখবার-ই-মশরিক’ ঘিরে তল্লাশি, খতিয়ে দেখা হচ্ছে আর্থিক নথি

তৃণমূল সাংসদ নাদিমুল হকের সংবাদপত্রের অফিসে ইডির হানা! পার্ক সার্কাসে ‘আখবার-ই-মশরিক’ ঘিরে তল্লাশি, খতিয়ে দেখা হচ্ছে আর্থিক নথি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – সোমবার সকালেই কলকাতার পার্ক সার্কাস এলাকায় তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পার্ক সার্কাসে অবস্থিত ‘আখবার-ই-মশরিক’ নামের একটি উর্দু সংবাদপত্রের অফিসে আচমকা অভিযান শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক ওই সংবাদপত্রের ডিরেক্টর পদে রয়েছেন।

ইডির আধিকারিকরা অফিসে পৌঁছনোর পর নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে ঘিরে ফেলা হয়। তল্লাশি চলাকালীন অফিসের ভিতর থেকে কেউ যাতে বাইরে বেরোতে না পারেন এবং বাইরে থেকে কেউ যাতে ভিতরে প্রবেশ করতে না পারেন, সেই কারণে অফিসে তালাও ঝুলিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, বেআইনি অর্থ লেনদেন এবং আয়ের সঙ্গে সঙ্গতিহীন আর্থিক লেনদেনের অভিযোগের সূত্র ধরেই এই অভিযান চালানো হচ্ছে। বিশেষ করে সংবাদপত্রটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে হওয়া একাধিক সন্দেহজনক লেনদেনের আর্থিক নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অভিযানে কী কী নথি বা তথ্য তদন্তকারীদের হাতে আসে এবং এই আর্থিক লেনদেনের সঙ্গে কারও সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তল্লাশি শেষ হওয়ার পরই তদন্তের গতিপ্রকৃতি ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top