দেশ – ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM)-র প্রবীণ নেতা তথা ঝাড়খণ্ডের উচ্চ ও প্রযুক্তিগত শিক্ষা এবং নগরোন্নয়ন মন্ত্রী সুদিব্য কুমার সোনু (Sudivya Kumar Sonu) প্রয়াত। রবিবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে গিরিডি কেন্দ্রের এই বিধায়কের। রাজ্যের পর্যটন, শিল্প, সংস্কৃতি, ক্রীড়া ও যুব কল্যাণ দফতরেরও দায়িত্বে ছিলেন তিনি।
পরিবহন ও ভূমি রাজস্ব মন্ত্রী দীপক বিরুয়া জানিয়েছেন, শনিবার রাতে আচমকাই সুদিব্য সোনুর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়। আচমকা এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে JMM-এর অন্দরে।
সতীর্থ নেতার অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন দীপক বিরুয়া। তিনি বলেন, “ভাই সুদিব্য সোনুর প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। ঈশ্বর ওঁর আত্মাকে শান্তি দিন এবং এই চরম দুঃখ সহ্য করার জন্য পরিবারকে শক্তি দিন।” তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলেও শোকের আবহ তৈরি হয়েছে।



















