দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা, আগুনে পুড়ে মৃত্যু ৭, আহত ২২

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা, আগুনে পুড়ে মৃত্যু ৭, আহত ২২

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজস্থান – রাজস্থানের দৌসার কাছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত সাতজন। একটি স্লিপার বাস ট্রেলারের সঙ্গে ধাক্কা লাগার পর ভয়াবহ আগুন ধরে যায়। সেই আগুনে সাতজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২২ জন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের উদ্দেশে যাচ্ছিল। বাসে প্রায় ৩৭ জন যাত্রী ছিলেন। পথে একটি ট্রেলারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মুহূর্তের মধ্যেই বাস এবং ট্রেলার—দুটি গাড়িতেই আগুন ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় প্রাণহানির সংখ্যা বেড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়।

দুর্ঘটনার পর একাধিক ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, বাস ও ট্রেলার ভয়াবহ আগুনে জ্বলছে এবং যাত্রীরা প্রাণ বাঁচানোর জন্য সাহায্যের আবেদন করছেন। প্রশাসনের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সংঘর্ষের ধাক্কায় বাসের উপরের বার্থে থাকা যাত্রীরা নিচে ছিটকে পড়েন। নিহতদের মধ্যে পাঁচজন আগুনে পুড়ে এবং দুজন গুরুতর মাথার আঘাতে মারা গিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, অধিকাংশ নিহত যাত্রী দুর্ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাসচালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন অথবা অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top