খেলা – জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী রবিবার নরওয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে সেলেসাওরা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল শিবির। চোটের কারণে দলের অন্যতম ভরসাযোগ্য মিডফিল্ডার লুকাস পাকেতা নরওয়ের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না বলেই নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।
চলতি বিশ্বকাপে ব্রাজিলের চারটি ম্যাচেই প্রথম একাদশে ছিলেন পাকেতা। জাপানের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে খেলতে গিয়েই তিনি চোট পান। প্রথমার্ধের শেষ দিকে তাঁকে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়। যন্ত্রণায় কাতর পাকেতাকে সেই সময় সান্ত্বনা দিতে এগিয়ে আসেন নেইমার ও এন্ড্রিক। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার আগে পাকেতার পরিবর্তে এন্ড্রিককে মাঠে নামান ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলেত্তি।
মঙ্গলবার পাকেতার চোটের স্ক্যান করা হয়। পরীক্ষার রিপোর্টে তাঁর বাঁ ঊরুর পেছনের পেশিতে চোট ধরা পড়েছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, লুকাস পাকেতার বাম ঊরুর পেছনের অংশে মাংসপেশিতে আঘাত নিশ্চিত হয়েছে। জাতীয় দলের চিকিৎসক দলের তত্ত্বাবধানে তাঁর নিবিড় চিকিৎসা চলবে এবং যত দ্রুত সম্ভব তাঁকে সুস্থ করে মাঠে ফেরানোর চেষ্টা করা হবে।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে নরওয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে পাকেতা খেলতে পারবেন না। তবে তাঁর চোট কতটা গুরুতর এবং মাঠে ফিরতে কতদিন সময় লাগবে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
পাকেতার অনুপস্থিতিতে প্রথম একাদশ সাজাতে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে কোচ কার্লো আনচেলেত্তিকে। নরওয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে তাঁর পরিবর্তে কাকে নামানো হবে, এখন সেই দিকেই নজর ব্রাজিল সমর্থকদের।




















