দেবরাজ চক্রবর্তী গ্রেফতার, পুরুলিয়া থেকে যৌথ অভিযানে ধরল এসটিএফ ও বিধাননগর পুলিশ

দেবরাজ চক্রবর্তী গ্রেফতার, পুরুলিয়া থেকে যৌথ অভিযানে ধরল এসটিএফ ও বিধাননগর পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে বুধবার গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের যৌথ বাহিনী। কলকাতা হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করার পর থেকেই তাঁকে ধরতে তৎপর হয় তদন্তকারী সংস্থাগুলি। শেষ পর্যন্ত পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলি এলাকার একটি হোটেল থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার রাজারহাট-গোপালপুরের বাসিন্দা দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বাঘমুণ্ডি ও অযোধ্যা পাহাড় এলাকার কয়েকজন স্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সেই সূত্র ধরেই আধুনিক প্রযুক্তির সাহায্যে তাঁর অবস্থান নিশ্চিত করেন তদন্তকারীরা। এরপর এসটিএফ ও বিধাননগর পুলিশের বিশেষ দল যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।

দেবরাজ চক্রবর্তীকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে পরিচিত। তাঁর বিরুদ্ধে বাগুইআটি থানায় কেষ্টপুরের এক প্রোমোটার তোলাবাজির অভিযোগ দায়ের করেছিলেন। এছাড়াও বিধাননগর এলাকায় সিন্ডিকেট পরিচালনা, তোলাবাজি, জমির বেআইনি কারবার এবং ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার মামলায়ও তাঁর নাম জড়িয়েছে।

এর আগে কলকাতা হাইকোর্ট থেকে আইনি রক্ষাকবচ পেলেও দ্বিতীয় দফায় সেই সুরক্ষা আর মেলেনি। আদালত তাঁর স্ত্রী অদিতি মুন্সিকে আগাম জামিন দিলেও দেবরাজ চক্রবর্তীর আবেদন খারিজ করে দেয়। এরপর থেকেই তাঁর গ্রেফতারি প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছিল। অবশেষে পুরুলিয়ায় আত্মগোপনের চেষ্টা ব্যর্থ করে তাঁকে গ্রেফতার করল যৌথ বাহিনী। এখন আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তের পরবর্তী পদক্ষেপ ঠিক হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top