রাজ্য – অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন ‘পুষ্পা’ নামে পরিচিত জাহাঙ্গির খান। রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) নেপাল সীমান্ত থেকে তাঁকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। সোমবার তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, নেপাল সীমান্ত পেরিয়ে বিদেশে পালানোর পরিকল্পনা করেছিল জাহাঙ্গির। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করেন এসটিএফ আধিকারিকরা।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন ব্যাপক রিগিং, ভোটারদের ভয় দেখানো এবং ইভিএমে সেলোটেপ লাগানোর মতো গুরুতর অভিযোগ সামনে আসে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে একাধিক অভিযোগ জমা পড়ার পর শেষ পর্যন্ত ওই কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২১ মে সেখানে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।
তবে পুনর্নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে আচমকাই ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন জাহাঙ্গির খান। সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেছিলেন, ফলতার উন্নয়নের স্বার্থে এবং ‘সোনার ফলতা’ গড়ার স্বপ্ন পূরণের লক্ষ্যেই তিনি নির্বাচন থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন। যদিও মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে যাওয়ায় ইভিএমে তাঁর নাম থেকেই যায়।
জাহাঙ্গির খানের বিরুদ্ধে এলাকায় দাদাগিরি, সাধারণ মানুষকে ভয় দেখানো, অত্যাচার এবং দুর্নীতির একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাঁর খোঁজ মিলছিল না। শেষ পর্যন্ত আত্মগোপনে থেকে বিদেশে পালানোর চেষ্টা করলেও এসটিএফের তৎপরতায় সেই পরিকল্পনা সফল হল না।



















