রাজ্য- পশ্চিমবঙ্গের সড়ক পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বড় বরাদ্দকে স্বাগত জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। CRIF প্রকল্পের আওতায় রাজ্যের ৬টি সড়ক প্রকল্পের জন্য ₹১,০৪২.৬২ কোটি টাকা অনুমোদন এবং মোট ১৯৪.১০ কিলোমিটার রাস্তা প্রশস্ত ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই গুরুত্বপূর্ণ ঘোষণার জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ীকে আন্তরিক ধন্যবাদ জানান অর্জুন সিং।
পরিবহনমন্ত্রীর বক্তব্য, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি হবে। সাধারণ মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি যাত্রার সময় কমবে এবং সড়ক নিরাপত্তাও বাড়বে। বাজার, স্কুল-কলেজ ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
অর্জুন সিং আরও জানান, উন্নত সড়ক পরিকাঠামোর ফলে আঞ্চলিক ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি পর্যটন এবং প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে মূল যোগাযোগ ব্যবস্থার সংযোগও আরও মজবুত হবে। ফলে এই প্রকল্পগুলি শুধু সড়ক উন্নয়ন নয়, সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁর দাবি।
পশ্চিমবঙ্গের মানুষের পক্ষ থেকে কেন্দ্রের এই সহযোগিতার জন্য ফের ধন্যবাদ জানিয়েছেন পরিবহনমন্ত্রী। রাজ্যের পরিবহণ ও সড়ক পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় আগামী দিনেও আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।



















