রাজ্য – দেশভাগের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে নবনির্বাচিত বিজেপি সরকার। সরকারিভাবে এবারই প্রথমবার বৃহৎ আকারে এই দিনটি উদযাপিত হতে চলেছে। তারকেশ্বরে আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পাশাপাশি ২১ জুন ‘আন্তর্জাতিক যোগ দিবস’-এর কর্মসূচিতেও তিনি পশ্চিমবঙ্গ থেকেই অংশ নেবেন বলে জানা গিয়েছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হয়েছে। প্রশাসনিক স্তরে এই উদযাপনকে সফল করতে প্রস্তুতি শুরু হয়েছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে রাজ্যের লোকভবনে (সাবেক রাজভবন) সীমিত পরিসরে এই দিনটি পালন করা হলেও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের বিরোধিতা করেছিলেন। পরিবর্তে তাঁর সরকার বাংলা নববর্ষের প্রথম দিন ১ বৈশাখ (১৫ এপ্রিল) ‘বাংলা দিবস’ হিসেবে পালন শুরু করে।
তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের আবহে নতুন সরকার ক্ষমতায় আসে। এরপর মন্ত্রিসভার বৈঠকে ২০ জুনকে আনুষ্ঠানিকভাবে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই এবার প্রথমবার রাজ্যজুড়ে সরকারিভাবে দিবসটি পালিত হতে চলেছে।




















