পুজোয় বিদ্যুতের চাহিদা ছুঁতে পারে ১২ হাজার মেগাওয়াট! ৬০ হাজারের বেশি অস্থায়ী সংযোগের সম্ভাবনা, কয়লা-রেল নিয়ে আগাম প্রস্তুতি রাজ্যের

পুজোয় বিদ্যুতের চাহিদা ছুঁতে পারে ১২ হাজার মেগাওয়াট! ৬০ হাজারের বেশি অস্থায়ী সংযোগের সম্ভাবনা, কয়লা-রেল নিয়ে আগাম প্রস্তুতি রাজ্যের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – দুর্গাপুজোর আর মাত্র কয়েক দিন বাকি। উৎসব যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজ্যে বিদ্যুতের চাহিদা নিয়ে প্রস্তুতি। প্রশাসনের হিসেব অনুযায়ী, এ বছর সর্বজনীন দুর্গাপুজোর সংখ্যা গতবারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগের আবেদনও বাড়তে চলেছে। গত বছর প্রায় ৫৭ হাজার অস্থায়ী সংযোগের আবেদন জমা পড়েছিল। এ বছর সেই সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে।

পুজোর সময় সম্ভাব্য সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা প্রায় ১২ হাজার মেগাওয়াটে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে। গত বছর দুর্গাপুজোয় সর্বোচ্চ চাহিদা ছিল ১০ হাজার মেগাওয়াটের কিছুটা কম। এই বাড়তি চাহিদার কথা মাথায় রেখে বিদ্যুৎ সরবরাহের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা ও কোম্পানিকে নিয়ে আগাম প্রস্তুতি বৈঠক করেছে রাজ্য। লক্ষ্য, উৎসবের দিনগুলিতে কোথাও যাতে বিদ্যুৎ সরবরাহে বড়সড় বিঘ্ন না ঘটে।

পরিস্থিতি সামাল দিতে কয়লার জোগান এবং পরিবহণ ব্যবস্থার উপরও বিশেষ নজর দেওয়া হচ্ছে। কোল ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ সংস্থাগুলির সঙ্গে আলোচনা করে পুজোর দিনগুলির জন্য পর্যাপ্ত অতিরিক্ত কয়লা মজুত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন পড়লে দ্রুত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা পৌঁছে দেওয়ার বিষয়েও আশ্বাস মিলেছে।

একই সঙ্গে ইস্টার্ন রেলওয়ে এবং সাউথ ইস্টার্ন রেলওয়ের সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। কয়লা বহনকারী মালগাড়িগুলি যাতে নির্দিষ্ট সময়ে এবং দ্রুত রাজ্যের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে পৌঁছতে পারে, তা নিশ্চিত করতে রেল কর্তৃপক্ষকে বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অর্থাৎ পুজোর ভিড়ের মধ্যেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখতে উৎপাদন থেকে কয়লা পরিবহণ—প্রতিটি স্তরেই আগাম প্রস্তুতি নিচ্ছে রাজ্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top