দেশ – ডিজিটাল পেমেন্টে সাধারণ মানুষকে বড় স্বস্তি দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI-এর মাধ্যমে ২,০০০ টাকা পর্যন্ত লেনদেনে গ্রাহক কিংবা ব্যবসায়ী—কাউকেই কোনও ধরনের মাশুল দিতে হবে না। ব্যাঙ্ক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিও এই লেনদেনের ক্ষেত্রে কোনও ফি আদায় করতে পারবে না। সোমবার জারি করা নির্দেশিকায় বিষয়টি স্পষ্ট করে দিয়েছে কেন্দ্র।
শুধু UPI নয়, RuPay ডেবিট কার্ডের মাধ্যমে করা লেনদেনের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর থাকবে। অর্থাৎ নির্দিষ্ট সীমার মধ্যে ডিজিটাল লেনদেনের জন্য সাধারণ গ্রাহক বা ব্যবসায়ীর উপর কোনও অতিরিক্ত চার্জ চাপানো যাবে না। এর ফলে ছোট অঙ্কের দৈনন্দিন ডিজিটাল পেমেন্টে ব্যবহারকারীদের খরচ বাড়ার আশঙ্কা থাকছে না।
সম্প্রতি ‘Payment and Settlement Systems Act, 2007’-এর সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর UPI লেনদেনে ভবিষ্যতে সার্ভিস চার্জ বসতে পারে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সংশোধিত আইনে বিজ্ঞপ্তি জারি করে ব্যাঙ্ক বা পেমেন্ট অ্যাপকে নির্দিষ্ট ক্ষেত্রে পরিষেবা মাশুল নেওয়ার সুযোগ রাখার বিষয়টি নিয়ে বিরোধীদের একাংশ আপত্তি জানিয়েছিল।
এই বিতর্কের মধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, সাধারণ মানুষের স্বাভাবিক লেনদেনের উপর কোনও বাড়তি আর্থিক বোঝা চাপানো হবে না। এবার অর্থ মন্ত্রকের নির্দেশিকায় ২,০০০ টাকা পর্যন্ত UPI লেনদেনে চার্জ না নেওয়ার বিষয়টি স্পষ্ট হওয়ায় সেই অবস্থানই আরও পরিষ্কার হল।




















