কলকাতা – পুর নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। নির্ধারিত সময়েই তিনি শুক্রবার সকালে পৌঁছে যান এবং প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে বেরিয়ে আসেন।
বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজিত বসুকে আত্মবিশ্বাসী দেখায়। তিনি জানান, প্রয়োজনে তাঁকে আবারও ডাকা হলে তিনি তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। তাঁর কথায়, “ব্যবসা করা অপরাধ নয়, চুরি করা অপরাধ।”
সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সুজিত বসু বলেন, “আমাকে কেন ডাকা হয়েছিল, তা সকলেই জানেন। যে মামলায় আমাকে ডাকা হয়েছে, সেখানে সিবিআই ইতিমধ্যেই চার্জশিট দিয়ে দিয়েছে। ইডি আমাকে সাক্ষী হিসেবে ডেকেছে। আমি সবসময় তদন্তে সহযোগিতা করব, আবার ডাকলে আবার আসব।”
তবে একইসঙ্গে তিনি অভিযোগের সুরে বলেন, বিষয়টি যেন হেনস্থার পর্যায়ে না যায়। তাঁর দাবি, যে বিষয়ে তিনি সরাসরি জড়িত নন, সেখানে বারবার তলব করা হচ্ছে। তিনি আরও জানান, ইডি কিছু নথি চেয়েছে, যা তিনি পাঠিয়ে দেবেন। তাঁর বক্তব্য, “আমার দু’টি রেস্তরাঁ রয়েছে, ধাবা আমার নয়। ব্যবসা করা অপরাধ নয়, চুরি করা অপরাধ।”
এর আগে এই মামলায় সুজিত বসুকে তিনবার তলব করেছিল ইডি। তদন্ত চলাকালীন গত বছর লেকটাউনে তাঁর বাড়ি ও অফিসে ম্যারাথন তল্লাশি চালানো হয়। এমনকি তাঁর ছেলের ধাবাতেও তল্লাশি চলে। ইডির দাবি অনুযায়ী, সেই সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। এ ছাড়া তাঁর স্ত্রী, ছেলে, মেয়ে ও জামাইকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা যায়।
আগেও একাধিকবার হাজিরার নোটিস দেওয়া হলেও নির্বাচনী ব্যস্ততার কারণে সময় চেয়ে নিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত কলকাতা হাই কোর্টের নির্দেশে নির্ধারিত দিনে ইডির দফতরে হাজিরা দেন সুজিত বসু।




















