রাজ্য – রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুজোর কমিটিগুলির মধ্যেও বদলের ছবি দেখা গিয়েছে। এই আবহেই দুর্গাপুজোর উদ্যোক্তাদের এক ছাতার তলায় আনতে নতুন সমিতি গড়ে তুলল বঙ্গ বিজেপি। নাম দেওয়া হয়েছে ‘দুর্গাপুজো সমন্বয় সমিতি’। বিধায়ক তথা বিধানসভার তথ্য ও সংস্কৃতি দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রুদ্রনীল ঘোষকে এই সংগঠনের মুখ্য উপদেষ্টা করা হয়েছে।
পূর্বতন তৃণমূল সরকারের সময়ে গড়ে ওঠা ‘ফোরাম ফর দুর্গোৎসব’ এতদিন শহরের পুজো কমিটিগুলির সঙ্গে সরকারের সমন্বয়ের অন্যতম মাধ্যম হিসেবে কাজ করেছে। বিজেপির উদ্যোগে নতুন সমিতি তৈরির পর রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটি কি সেই সংগঠনের বিকল্প হিসেবে কাজ করবে? গণেশ চতুর্থীর দিনই নতুন সমিতির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকের আগে প্রকাশ্যে আসে একটি ই-কার্ড। সেখানে পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে উদ্যোগের কথা জানানো হয় এবং সবাইকে দুর্গাপুজোর জন্য এক জায়গায় আসার আহ্বান জানানো হয়েছে। কার্ডে মুখ্য উপদেষ্টা হিসেবে রুদ্রনীল ঘোষের নামও রয়েছে। তবে নতুন সমিতির উদ্দেশ্য নিয়ে রুদ্রনীল নিজে কোনও মন্তব্য করতে চাননি।
অন্যদিকে, ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর সভাপতি সন্দীপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নতুন সমিতি সম্পর্কে এখনও তিনি কিছু জানেন না। তাই এই মুহূর্তে কোনও মন্তব্য করবেন না বলেও জানিয়েছেন তিনি। ফলে বিজেপির নতুন সংগঠন আগামী দিনে পুজো কমিটিগুলির সঙ্গে কীভাবে সমন্বয় তৈরি করে এবং ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর সঙ্গে তার সম্পর্ক কী দাঁড়ায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।




















