বদল শুধু শাসকের নয়, বদলে গেল মুখ্যমন্ত্রীর চেয়ারও! বিধানসভায় নতুন নজির

বদল শুধু শাসকের নয়, বদলে গেল মুখ্যমন্ত্রীর চেয়ারও! বিধানসভায় নতুন নজির

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য- ‘চেয়ার’ কি শুধুই দৈনন্দিন ব্যবহারের একটি আসবাব? নাকি তা ক্ষমতার প্রতীক? রাজনীতির অন্দরে এই প্রশ্নের উত্তর বহু আগেই স্পষ্ট হয়ে গিয়েছে। কারণ ক্ষমতার কুর্সি শুধু বসার জায়গা নয়, তা শাসকের পরিচয়, কর্তৃত্ব এবং রাজনৈতিক অবস্থানের প্রতীক। দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে একটি কথা— চেয়ার একই থাকে, বদলে যায় সেখানে বসা মানুষ। কিন্তু বাংলার সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর সেই ধারণাতেও যেন পরিবর্তনের ছোঁয়া লাগল। এবার শুধু শাসকই বদলালেন না, বদলে গেল তাঁর চেয়ারও।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বাংলার রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেসকে হারিয়ে রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি। ভবানীপুর কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির শীর্ষ নেতৃত্ব নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছে শুভেন্দু অধিকারীকে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিধানসভায় শুরু হয়েছে একাধিক পরিবর্তনের কাজ।
বিধানসভায় অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট কক্ষে এতদিন বসতেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর জন্য ছিল কাঠের তৈরি সাদা মখমল গদিওয়ালা একটি বিশেষ চেয়ার। সেই চেয়ারেই বসে তিনি বৈঠক থেকে প্রশাসনিক নানা গুরুত্বপূর্ণ কাজ করতেন। তবে সূত্রের খবর, সেই পুরনো চেয়ারে বসতে নাকি একেবারেই আগ্রহী নন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই তাঁর জন্য আনা হচ্ছে সম্পূর্ণ নতুন চেয়ার।
শুধু নামফলকেই পরিবর্তন হয়নি, বদল এসেছে কক্ষের আসবাবেও। মুখ্যমন্ত্রীর ঘরের বাইরে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরিয়ে লেখা হয়েছে শুভেন্দু অধিকারীর নাম। আর সেই সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে পুরনো চেয়ারটিও।
তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহৃত চেয়ার বাতিল করা হয়নি। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সেটি নিয়ে যাওয়া হয়েছে বিরোধী দলের কক্ষে। এখন থেকে সেখানে বসবেন তৃণমূল, কংগ্রেস, সিপিএম ও আইএসএফ বিধায়কেরা। যেহেতু বিরোধী শিবিরে তৃণমূল বিধায়কদের সংখ্যাই সবচেয়ে বেশি, তাই অনেকের মতে এই ঘটনাকে রাজনৈতিক প্রতীকের দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলার সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর এই চেয়ার বদলের ঘটনাও যেন এক নতুন রাজনৈতিক বার্তা বহন করছে। বিধানসভার ইতিহাসে এমন ঘটনার সাক্ষী আগে খুব কমই থেকেছে রাজ্য রাজনীতি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top