বন্ধ মিষ্টি হাবকে ঘিরে নতুন পরিকল্পনা, ফুড প্রসেসিং সেন্টার গড়ার ভাবনা রাজ্যের

বন্ধ মিষ্টি হাবকে ঘিরে নতুন পরিকল্পনা, ফুড প্রসেসিং সেন্টার গড়ার ভাবনা রাজ্যের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও দীর্ঘদিন ধরে কার্যত অচল অবস্থায় পড়ে রয়েছে পূর্ব বর্ধমানের বামচাঁদাইপুরের মিষ্টি হাব। প্রায় চার বছর ধরে তালাবন্ধ এই প্রকল্পকে নতুনভাবে কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দফতরের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র জানিয়েছেন, এই পরিকাঠামোকে কেন্দ্র করে নতুন শিল্প গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।

রাজ্য সরকারের প্রাথমিক ভাবনায়, এখানে একটি আধুনিক ফুড প্রসেসিং সেন্টার তৈরি করা হতে পারে। পাশাপাশি আলু সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ কেন্দ্র অথবা রাইস প্রসেসিং ইউনিট চালুর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। প্রতিমন্ত্রীর দাবি, আগামী কয়েক দিনের মধ্যেই ভবনটির ভবিষ্যৎ ব্যবহার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, সরকারি সম্পত্তি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় ফেলে রাখার কোনও ইচ্ছা সরকারের নেই। এই পরিকাঠামোকে মানুষের কাজে লাগিয়ে নতুন শিল্প স্থাপন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই সরকারের প্রধান লক্ষ্য।

প্রায় নয় বছর আগে আসানসোলে জেলা বিভাজনের অনুষ্ঠানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বামচাঁদাইপুরের এই মিষ্টি হাবের উদ্বোধন করেছিলেন। পূর্ব বর্ধমানের জাতীয় সড়কের ধারে তৈরি হওয়া এই প্রকল্পের উদ্দেশ্য ছিল জেলার ঐতিহ্যবাহী মিষ্টি শিল্পকে আরও বড় বাজারের সঙ্গে যুক্ত করা। তবে উদ্বোধনের পর কিছুদিন ব্যবসা চললেও প্রত্যাশিত সাড়া না মেলায় একে একে অধিকাংশ দোকান বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে জেলা প্রশাসন-সহ বিভিন্ন মহল থেকে একাধিকবার মিষ্টি হাবকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। বর্তমানে একতলা ও দোতলার অধিকাংশ দোকানই দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এবার সেই পরিকাঠামোকে নতুন শিল্প প্রকল্পের মাধ্যমে পুনরায় সচল করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top