রাজ্য – গত পাঁচ দশকে উন্নয়নের নিরিখে বাংলা, বিশেষ করে উত্তরবঙ্গ, পিছিয়ে পড়েছে বলে মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মঙ্গলবার শিলিগুড়িতে এক অনুষ্ঠানে তিনি জানান, পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কেন্দ্র ₹৭০ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা মঞ্জুর করেছে। তাঁর দাবি, দীর্ঘদিন কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের অভাব থাকায় উন্নয়নের গতি ব্যাহত হয়েছিল। সেই ঘাটতি পূরণ করতেই এই বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে।
দু’দিনের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে শিল্পপতি ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষও। বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যা ও পরামর্শ শোনার পাশাপাশি রাজ্যে নতুন শিল্প বিনিয়োগের আহ্বান জানান তাঁরা। অর্থমন্ত্রীর বক্তব্য, উত্তরবঙ্গে জমির সমস্যা তুলনামূলকভাবে কম এবং শিল্প স্থাপনের জন্য অনুকূল পরিবেশ গড়ে তোলার চেষ্টা চলছে।
বৈঠকে পূর্ববর্তী সরকারের আমলে শিল্প বিনিয়োগের নানা সমস্যার বিষয়ও উঠে আসে। অতীতের বিভিন্ন বিজনেস সামিটে বড় অঙ্কের বিনিয়োগের ঘোষণা হলেও তার অধিকাংশ বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন উপস্থিত শিল্পপতিরা। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই বর্তমান সরকার বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করে শিল্প স্থাপনে গুরুত্ব দিচ্ছে বলে মন্ত্রীরা জানান।




















