রাজ্য- বিজেপির বিরুদ্ধে তৃণমূল নেত্রীর লড়াইকে কুর্নিশ জানিয়ে আগেই ফোনে সমর্থন জানিয়েছিলেন আম আদমি পার্টির (আপ) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বাংলার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তাও দিয়েছিলেন তিনি। এবার সেই সমর্থন আর শুধু ফোনালাপে সীমাবদ্ধ থাকছে না, সরাসরি মাঠে নেমে তৃণমূলের হয়ে ভোটপ্রচারে আসছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, আগামী ২৬ ও ২৭ এপ্রিল বাংলার দ্বিতীয় দফার ভোটের আগে রাজ্যে আসছেন কেজরিওয়াল। আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেস—দুই শিবির থেকেই এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টায় টালিগঞ্জ ফাঁড়িতে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী সভা করবেন তিনি। ওই সভায় উপস্থিত থাকবেন অরূপ বিশ্বাস এবং দেবাশিস কুমারের মতো তৃণমূল নেতৃত্বও।
অন্যদিকে, এই ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। তৃণমূলের দাবি, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিজেপির হয়ে প্রচারে নেমেছেন, অন্যদিকে কেন্দ্রীয় সংস্থাগুলিকেও রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। ইডি, সিবিআই, আয়কর দফতর ও এনআইএ-কে নিয়েও বারবার সরব হয়েছে ঘাসফুল শিবির। পাশাপাশি নির্বাচন কমিশন ও কিছু সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল।
এই পরিস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে পাশে দাঁড়াতে তৃণমূলের মঞ্চে দেখা যাবে অরবিন্দ কেজরিওয়ালকে। এর আগে ঝাড়গ্রাম ও পুরুলিয়ার তৃণমূল প্রার্থীদের সমর্থনে জনসভা করেছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও জেএমএম প্রধান হেমন্ত সোরেন। এবার সেই ধারায় যুক্ত হচ্ছেন কেজরিওয়ালও।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই ধরনের সফর ও যৌথ প্রচার ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, যেখানে দিল্লি ও কলকাতার মধ্যে একটি সম্ভাব্য বোঝাপড়ার ছাপ দেখা যেতে পারে ভোটের মাঝেই।


















