খেলা – দীর্ঘ চোটের বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জশপ্রীত বুমরাহ। আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তাঁর প্রত্যাবর্তন ভারতের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে বলেই মনে করা হচ্ছে। তবে বিশ্বের অন্যতম সেরা পেসারের বিরুদ্ধে নামার আগে আতঙ্কিত নয় আফগানিস্তান। বরং বুমরাহকে সামলাতে নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেই মাঠে নামতে চাইছে তারা।
শনিবার সাংবাদিক বৈঠকে আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরান জানান, বুমরাহর বিরুদ্ধে দলের বিশেষ কৌশল রয়েছে। ভারতীয় পেসারকে বিশ্বের অন্যতম সেরা বলে উল্লেখ করে তাঁর প্রতি নিজের মুগ্ধতার কথাও জানান জাদরান। তবে বুমরাহকে নিয়ে অতিরিক্ত ভাবনাচিন্তা না করে পরিকল্পনাকে যতটা সম্ভব সহজ রেখে মাঠে তা কার্যকর করাই দলের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
শুধু বুমরাহ নয়, ভারতের তরুণ বাঁহাতি ওপেনার বৈভব সূর্যবংশীকেও আলাদা গুরুত্ব দিচ্ছে আফগানিস্তান। আইপিএলে বৈভবের বিরুদ্ধে খেলা সতীর্থদের কাছ থেকে তথ্য নেওয়ার পাশাপাশি তাঁর ব্যাটিংয়ের ভিডিও বিশ্লেষণও করেছে দল। জাদরানের মতে, বৈভব অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার। তাই তাঁর বিরুদ্ধে সঠিক সময়ে সঠিক পরিকল্পনা কাজে লাগিয়েই ভারতীয় ব্যাটারকে আটকানোর চেষ্টা করবে আফগানিস্তান।




















