রাজ্য – রাজ্যে মাদ্রাসাগুলির পরিকাঠামো ও অনুমোদন যাচাইয়ে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। প্রথম দফায় ২৫২টি মাদ্রাসাকে বন্ধের নোটিস দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে বলে জানা যাচ্ছে। বন্ধের নোটিস পাওয়া মাদ্রাসাগুলির মধ্যে অধিকাংশই খারিজি মাদ্রাসা বলে সূত্রের খবর।
গত ২২ জুলাই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় মাদ্রাসাগুলিকে নিয়ে সমীক্ষা চালিয়েছিল সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতর। সেই সমীক্ষায় রাজ্যের ২ হাজার ৩৯৬টি মাদ্রাসায় প্রয়োজনীয় সরকারি অনুমোদন নেই বলে জানা গিয়েছে। অনুমোদিত এবং অনুমোদনহীন মাদ্রাসার সংখ্যা চিহ্নিত করতেই জেলাভিত্তিক এই সমীক্ষা করা হয়।
সমীক্ষার সময় মাদ্রাসাগুলির পরিচালন ব্যবস্থা, পড়ুয়ার সংখ্যা, অর্থের উৎস, নথিভুক্তির অবস্থান এবং পরিকাঠামো-সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হয়েছে। যে ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে, তাদের নিজেদের প্রতিষ্ঠান চালানোর মতো প্রয়োজনীয় পরিকাঠামো রয়েছে কি না, তা প্রমাণ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত প্রমাণ দিতে না পারলে তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হতে পারে।
প্রথম দফায় বন্ধের নোটিস দেওয়া ২৫২টি মাদ্রাসার তালিকা সংশ্লিষ্ট জেলাশাসকদের কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে অনুমোদনহীন বা প্রয়োজনীয় পরিকাঠামো না থাকা মাদ্রাসাগুলির বিরুদ্ধে আগামী দিনে আরও পদক্ষেপ হতে পারে বলে প্রশাসনিক মহলে ইঙ্গিত মিলেছে।




















