ভুয়ো চিকিৎসক চক্রে বড়সড় ধরপাকড়! গ্রেফতার তৃণমূলের দুই কাউন্সিলর ও এক নেতা, তদন্তে নতুন মোড়

ভুয়ো চিকিৎসক চক্রে বড়সড় ধরপাকড়! গ্রেফতার তৃণমূলের দুই কাউন্সিলর ও এক নেতা, তদন্তে নতুন মোড়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বারুইপুর: ভুয়ো চিকিৎসক চক্রের তদন্তে নতুন মোড়। তিন অভিযুক্ত ভুয়ো চিকিৎসককে গ্রেফতারের পর তাঁদের সূত্র ধরে তৃণমূল কংগ্রেসের দুই কাউন্সিলর ও এক নেতাকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ বলে জানা গিয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশিস দেবরায়, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ দত্ত এবং বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের ঘনিষ্ঠ বলে পরিচিত এক নেতা। এই গ্রেফতারিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বারুইপুরের দুর্গাপুর, কুন্দরালি ও বেলেগাছি এলাকা থেকে তপন কুমার বৈরাগী, বাসুদেব নস্কর এবং আশিস কুমার বড়াল নামে তিনজনকে ভুয়ো চিকিৎসক সন্দেহে গ্রেফতার করা হয়। অভিযোগ, প্রয়োজনীয় ও বৈধ চিকিৎসা সংক্রান্ত ডিগ্রি না থাকা সত্ত্বেও তাঁরা দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা করছিলেন।

তদন্তকারীদের সামনে আরও অভিযোগ এসেছে, অভিযুক্তরা টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের মেডিক্যাল সার্টিফিকেট দিতেন। এমনকি মৃত ব্যক্তিদের নামে মৃত্যুর শংসাপত্র দেওয়ার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে। এই অভিযোগগুলির সত্যতা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে পুলিশ। তিন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের সময় কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি ও নেতার নাম সামনে আসে বলে জানা গিয়েছে।

অভিযোগ, সংশ্লিষ্ট কাউন্সিলর ও ওই নেতা বিভিন্ন প্রয়োজনে মানুষকে অভিযুক্ত চিকিৎসকদের কাছে পাঠাতেন। সেই সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে দুই কাউন্সিলর ও এক নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তবে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এবং এই চক্রের সঙ্গে তাঁদের ঠিক কী ধরনের যোগ ছিল, তা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে। গোটা ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top