রাজ্য – পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়ে গণতন্ত্র, সংসদীয় আচরণ এবং জনপ্রতিনিধিদের দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শনিবার কলকাতায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, একজন জনপ্রতিনিধির কাজ শুধু আইন প্রণয়ন নয়, মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করাও তাঁর অন্যতম দায়িত্ব।
বক্তব্যে ওম বিড়লা বলেন, “মনের ভিতর আগুন থাকলেও মাথা ঠান্ডা রেখে কাজ করুন।” তাঁর মতে, সরকারে থাকলে বিরোধী দলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত জরুরি। বিরোধীদের সমালোচনার মধ্যেও যদি বাস্তব কোনও সমস্যা উঠে আসে, তবে তার সমাধানের উদ্যোগ নেওয়াই গণতন্ত্রের প্রকৃত চেতনা। এতে গণতন্ত্র আরও শক্তিশালী হয় এবং মানুষের আস্থা বৃদ্ধি পায়।
আইন প্রণয়ন প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ বার্তা দেন লোকসভার স্পিকার। তিনি বলেন, কোনও হাউসের নেতা হওয়া সহজ নয়। তথ্য, যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে নিজের বক্তব্য তুলে ধরার দক্ষতাই একজন জনপ্রতিনিধিকে প্রকৃত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। সংসদীয় রীতি, শৃঙ্খলা এবং দায়িত্ববোধ বজায় রেখেই মানুষের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।
দু’দিনের এই বিশেষ প্রশিক্ষণ শিবিরে বিধায়কদের সংসদীয় প্রক্রিয়া, আইন প্রণয়নের নিয়ম এবং সাংবিধানিক বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে ওম বিড়লা বলেন, পশ্চিমবঙ্গের মানুষ তাঁদের উপর ভরসা করেই বিধানসভায় পাঠিয়েছেন। তাই প্রত্যেক বিধায়কের দায়িত্ব নিজের বিধানসভা এলাকার উন্নয়নের পাশাপাশি রাজ্যের সামগ্রিক অগ্রগতির জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করা।
এদিন অনুষ্ঠানে উপস্থিত রাজ্যপাল আর. এন. রবিও পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনে বাংলা দেশের পথপ্রদর্শক ছিল। আগামী দিনেও দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদী।




















