শমীক ভট্টাচার্যকে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে? জোর জল্পনা রাজনৈতিক মহলে

শমীক ভট্টাচার্যকে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে? জোর জল্পনা রাজনৈতিক মহলে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের সাংগঠনিক শক্তি বাড়ানো এবং রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন শমীক ভট্টাচার্য। রাজনৈতিক মহলের একাংশের মতে, তাঁর নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠন নতুন করে শক্তি সঞ্চয় করেছে। এরই মধ্যে তাঁকে কেন্দ্রের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে।

দিল্লির রাজনৈতিক সূত্রের খবর, খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করতে পারেন। সেই তালিকায় শমীক ভট্টাচার্যের নামও রয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। প্রথমে তাঁকে রাষ্ট্রমন্ত্রী করা হতে পারে বলে জল্পনা থাকলেও, এখন পূর্ণমন্ত্রী হিসেবেও তাঁর নাম বিবেচনায় রয়েছে বলে সূত্রের দাবি। যদিও এ বিষয়ে বিজেপি বা কেন্দ্রের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

সূত্রের দাবি, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্ভাব্য রদবদল নিয়ে আলোচনা হয়েছে। সেই বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন বলেও জানা গিয়েছে। তবে বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

রাজনৈতিক মহলে আরও জল্পনা, পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আরও দুই থেকে তিনজন প্রতিনিধিত্ব করতে পারেন। বর্তমানে সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী হিসেবে রয়েছেন। তাঁদের পাশাপাশি আরও একজনকে রাষ্ট্রমন্ত্রী করা হতে পারে বলেও আলোচনা চলছে। তবে এসবই এখনও রাজনৈতিক সূত্রভিত্তিক জল্পনা, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top