হাওড়া – প্রায় ৪০ ঘণ্টা নিখোঁজ থাকার পর অবশেষে উদ্ধার হলেন ১৫ বছর বয়সি প্রতিভাবান রাইফেল শুটার দময়ন্তী সেন। শনিবার সকালে হাওড়ার রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট থেকে তাঁকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ। এই খবর সামনে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তাঁর পরিবার, প্রশিক্ষক এবং শুভানুধ্যায়ীরা।
দময়ন্তীর প্রশিক্ষক তথা অলিম্পিয়ান জয়দীপ কর্মকার প্রথমে সোশ্যাল মিডিয়ায় তাঁর নিরাপদে ফিরে আসার খবর জানান। এরপর জানা যায়, নিখোঁজ হওয়ার পর তাঁকে উদ্ধারে হাওড়া ও চন্দননগর পুলিশের যৌথ তৎপরতায় একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছিল। পরিবারের পক্ষ থেকে পুলিশের এই দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে শ্রীরামপুর হয়ে বিভিন্ন জেলায় ঘুরে বেড়িয়েছিলেন দময়ন্তী। পরে তিনি হাওড়ায় ফেরার চেষ্টা করছিলেন। সেই সময় রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট থেকে তাঁকে উদ্ধার করা হয়। তবে কী কারণে তিনি নিখোঁজ হয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ বা পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মধ্য হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী সেন অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের কাছে রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ নিচ্ছিলেন। সম্প্রতি তিনি জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পেয়েছিলেন। তাঁর বাবা ধ্রুবজ্যোতি সেন জানিয়েছেন, এই সুযোগ পাওয়ার পর থেকেই দময়ন্তী অত্যন্ত উৎসাহের সঙ্গে অনুশীলন করছিলেন। বৃহস্পতিবার সকালে কেনাকাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেননি। উল্লেখযোগ্যভাবে, তিনি নিজের মোবাইল ফোনও বাড়িতেই রেখে গিয়েছিলেন। পরিবারের দাবি, কোনও পারিবারিক অশান্তি বা বিবাদের ঘটনা ঘটেনি।




















