জলপাইগুড়ি – শিক্ষক দিবস উপলক্ষে স্কুলে আয়োজিত খাওয়াদাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় জলপাইগুড়ি জেলা স্কুল। অভিযোগ, দশম শ্রেণির একদল পড়ুয়ার হাতে আক্রান্ত হন স্কুলের প্রধানশিক্ষক ধর্মচাদ বারুই। পড়ুয়াদের অভিযোগ ছিল, আয়োজিত খাওয়াদাওয়ার হিসাবের মধ্যে তাঁদের ধরা হয়নি। বিষয়টি নিয়ে প্রথমে শিক্ষকদের সঙ্গে বচসা এবং পরে প্রধানশিক্ষকের উপর হামলার অভিযোগ ওঠে।
অভিযোগ, পড়ুয়াদের মারধরে প্রধানশিক্ষকের কপাল ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি চিকিৎসাধীন। তাঁর শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্য সরকারের তরফে ১৫ দিনের ছুটিও মঞ্জুর করা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিবৃতি দিয়েছে নবান্ন। সরকারের তরফে জানানো হয়েছে, জলপাইগুড়ি জেলা স্কুলের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) তথা ডিআই ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত করেছেন। একইসঙ্গে প্রধানশিক্ষক এবং পড়ুয়া—দুই পক্ষের আচরণকেই দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছে সরকার। স্কুলশিক্ষা দফতর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে নবান্নের বিবৃতিতে জানানো হয়েছে।
পাশাপাশি ভবিষ্যতে স্কুলে কোনও অভিযোগ বা সমস্যা তৈরি হলে সরাসরি কোনও পদক্ষেপ করার আগে জেলা প্রশাসনকে বিষয়টি জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলশিক্ষা দফতরের মন্ত্রী দীপক বর্মন আগামী শুক্রবার জলপাইগুড়ি জেলা স্কুল পরিদর্শনে যাবেন। ওই এলাকায় থাকা অন্যান্য স্কুলের প্রধানশিক্ষকদের সঙ্গেও তিনি বৈঠক করবেন বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে।




















