রাজ্য – দীর্ঘ ২৬ বছর পর আবারও বাংলা চলচ্চিত্র প্রযোজনার সঙ্গে যুক্ত হতে চলেছেন বলিউডের প্রবীণ অভিনেতা ও প্রযোজক অনুপম খের। সেই সূত্রেই সম্প্রতি কলকাতায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতের পর বাংলা চলচ্চিত্র, সংস্কৃতি এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে নিজের আশাবাদের কথা তুলে ধরেন বর্ষীয়ান অভিনেতা।
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অনুপম খের বলেন, রাজ্যের উন্নয়নের জন্য সরকার বিভিন্ন ক্ষেত্রে কাজ করার চেষ্টা করছে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ আরও এগিয়ে যাবে বলেই তাঁর বিশ্বাস। তিনি আশা প্রকাশ করেন, সাধারণ মানুষের সহযোগিতায় রাজ্য উন্নয়নের পথে আরও দ্রুত এগোতে পারবে।
বাংলার সংস্কৃতি ও শিল্পচর্চার প্রশংসা করে অনুপম খের বলেন, ভারতীয় শিল্প, সাহিত্য, চলচ্চিত্র এবং সংগীতের ক্ষেত্রে বাংলার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, বাংলা থেকে দেশের শিল্প-সংস্কৃতি অনেক কিছু শিখেছে। সেই কারণেই তিনি আবারও বাংলা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হতে আগ্রহী।
এদিন তিনি আরও জানান, শুধুমাত্র চলচ্চিত্র প্রযোজনা নয়, ভবিষ্যতে পশ্চিমবঙ্গে একটি আধুনিক অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র বা অ্যাক্টিং স্কুল গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে। এই ভাবনার কথা মুখ্যমন্ত্রীকে জানালে তিনি উৎসাহ ও শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান অনুপম খের।
বাংলা চলচ্চিত্রের সঙ্গে অনুপম খেরের সম্পর্ক নতুন নয়। প্রায় আড়াই দশক আগে পরিচালক ঋতুপর্ণ ঘোষের চলচ্চিত্র ‘বাড়িওয়ালি’-র প্রযোজনার দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। ছবিতে অভিনয় করেছিলেন তাঁর স্ত্রী তথা অভিনেত্রী কিরণ খের। শুটিং শুরুর ঠিক আগে প্রযোজক সরে দাঁড়ালে অনুপম খেরই ছবিটির দায়িত্ব নেন। পরে সেই চলচ্চিত্র দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পাশাপাশি জাতীয় পুরস্কারও অর্জন করে।
দীর্ঘ ২৬ বছর পর আবার বাংলা চলচ্চিত্রে তাঁর প্রত্যাবর্তনের খবরে টলিউড এবং সিনেমাপ্রেমীদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে। প্রযোজনা এবং অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র—এই দুই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য তা গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে বলেই মনে করছেন অনেকেই।




















