মুর্শিদাবাদ – সেনাবাহিনীতে চাকরি করার স্বপ্ন ছিল রাহুল সিংহের। সেই লক্ষ্যেই চলছিল নিয়মিত শরীরচর্চা ও দৌড়ের অনুশীলন। কিন্তু প্রস্তুতির মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাতে হল ওই যুবককে। বুধবার সকালে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত মুরালিপুকুর এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হয় রাহুলের। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর বন্ধু সুমন দাস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাহুল সিংহ (২২)। তাঁর বাড়ি সুতি থানার মহেশাইল গ্রামে। আহত যুবকের নাম সুমন দাস। স্থানীয়দের দাবি, বুধবার ভোরের দিকে রাহুল ও সুমন আর্মি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে শারীরিক সক্ষমতা বাড়াতে জাতীয় সড়কের পাশে দৌড়াচ্ছিলেন। সেই সময় ফরাক্কার দিক থেকে আসা একটি লরি আচমকাই তাঁদের ধাক্কা মারে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, লরির ধাক্কায় রাহুল সিংহ রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর জখম হন। সুমন দাসও মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকরা রাহুল সিংহকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, প্রাথমিক চিকিৎসার পর সুমন দাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাহুলের অকালমৃত্যুতে ভেঙে পড়েছে তাঁর পরিবার। পরিবারের সদস্যদের দাবি, ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করার স্বপ্ন দেখছিলেন রাহুল। সেই স্বপ্ন পূরণের আগেই এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাতে হল তাঁকে।
পুলিশ ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল এবং লরিটি অতিরিক্ত গতিতে ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।




















