ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারকার মেলা, ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচের আগে জাঁকজমকপূর্ণ টি-টোয়েন্টি বিশ্বকাপ উদ্বোধন

ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারকার মেলা, ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচের আগে জাঁকজমকপূর্ণ টি-টোয়েন্টি বিশ্বকাপ উদ্বোধন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – ইডেন গার্ডেন্সে শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ হলেও ক্রিকেট উন্মাদনার কেন্দ্রবিন্দু এখন মুম্বই। কারণ, ৭ ফেব্রুয়ারি ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়ন ও এবারের আয়োজক ভারত। প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। সেই ম্যাচের আগেই আয়োজন করা হয়েছে এক তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠান।
বৃহস্পতিবারই কলকাতায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড দল। ইডেনে তাদের ম্যাচ থাকলেও শহরে সেই উন্মাদনা তুলনামূলক কম। অন্যদিকে, ভারতীয় দলের প্রথম ম্যাচ এবং জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে মুম্বইয়ে উত্তেজনা তুঙ্গে। ওয়াংখেড়ে স্টেডিয়াম সাজছে আলো, সঙ্গীত ও নাচের রোশনাইয়ে।
জানা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ কাঁপাবেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহি। তাঁর সঙ্গে থাকবেন জনপ্রিয় র‌্যাপার ও গায়ক বাদশা। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন বিখ্যাত যন্ত্রবাদক শিবমণি এবং সেতার শিল্পী ঋষভ রিখিরাম শর্মা। শিল্পীদের সঙ্গে থাকবেন তাঁদের সম্পূর্ণ টিম। ভারতীয় মার্গ সংগীত ও আধুনিক পপ সংগীতের মেলবন্ধনে সাজানো হবে এই অনুষ্ঠান।
উল্লেখ্য, নোরা ফতেহি আগেও বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করেছেন। ২০২২ সালের ফিফা বিশ্বকাপে ফ্যান ফেস্টিভ্যালে তাঁকে দেখা গিয়েছিল। ওই বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম ‘লাইট দ্য স্কাই’-এ হিন্দি অংশ গেয়েছিলেন এবং পারফর্মও করেছিলেন নোরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ওয়াংখেড়েতে প্রকাশ্যে আসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘ফিল দ্য থ্রিল’। গানটির কথা ও সুরে রয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুধ রবিচন্দর। গানটি গাইবেন তিনি নিজেই। আয়োজকদের তরফে আরও চমক থাকতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।
প্রসঙ্গত, শনিবার বিশ্বকাপের প্রথম ম্যাচ অবশ্য শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে, যেখানে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। তবে ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচ ও তার আগে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ক্রিকেটপ্রেমীদের নজর আপাতত ওয়াংখেড়েতেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top