রাজ্য – আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার ফের পারদপতন লক্ষ্য করা গেল রাজ্যে। কলকাতায় নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় আড়াই ডিগ্রি কম। জানুয়ারি পেরিয়ে গেলেও শীতের যাই যাই ভাব এখনও বাস্তবে রূপ নিচ্ছে না বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর।
শনিবার সকাল থেকেই তাপমাত্রার পতন স্পষ্টভাবে অনুভূত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী সাত দিন রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। এই পরিস্থিতিতে শহর ও রাজ্যে শীতের ‘সেকেন্ড ইনিংস’ চলবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
আগামী চার দিনে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের সমতলে রাতের তাপমাত্রা থাকতে পারে ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে। রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণবঙ্গ—দুই এলাকাতেই আগামী সাত দিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এই মুহূর্তে ঘন কুয়াশার কোনও সতর্কতা জারি করা হয়নি, তবে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ থেকে ২৮ ডিগ্রির মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। তবে শনিবার এক ধাক্কায় কলকাতার রাতের তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরেও নেমে যেতে পারে বলে পূর্বাভাস।
সম্প্রতি তাপমাত্রা বেড়ে যাওয়ায় অনেকেই ভেবেছিলেন শীত বুঝি বিদায় নিয়েছে। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখনই শীতের শেষ নয়। আরও কিছুদিন ঠান্ডার আমেজ বজায় থাকবে। তাই যারা গরম জামাকাপড় ধুয়ে বাক্সে তুলে রাখার পরিকল্পনা করেছিলেন, তাদের আপাতত সেই সিদ্ধান্ত কিছুদিন পিছিয়ে দেওয়াই ভালো।



















