দেশ- ‘বিকশিত ভারত ২০৪৭’ লক্ষ্য পূরণে কেন্দ্রীয় সরকার কাজ করে চলেছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কেরলের কোচিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে। গত ১২ বছরের বিভিন্ন সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি দুর্নীতি ও নীতিহীনতার বিরুদ্ধেও কড়া বার্তা দেন তিনি।
দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রসঙ্গেও বক্তব্য রাখেন রাজনাথ। তাঁর দাবি, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে সীমান্তের ওপারে গিয়ে শত্রুর মোকাবিলা করতেও প্রস্তুত ভারত। ‘অপারেশন সিন্দুর’-কে এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রেখে দেশে মাওবাদী সমস্যাও প্রায় নির্মূল করা হয়েছে বলে দাবি করেন প্রতিরক্ষামন্ত্রী।
প্রতিরক্ষা উৎপাদন ও রপ্তানির পরিসংখ্যান তুলে ধরে রাজনাথ জানান, ২০১৪ সালের আগে দেশে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের পরিমাণ ছিল প্রায় ৪০ হাজার কোটি টাকা। বর্তমানে তা বেড়ে প্রায় ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকায় পৌঁছেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, একই সময়ে প্রতিরক্ষা রপ্তানিও প্রায় ৬০০ কোটি টাকা থেকে বেড়ে ৪০ হাজার কোটি টাকার কাছাকাছি হয়েছে।
দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা সরঞ্জামের আন্তর্জাতিক ব্যবহার নিয়েও তথ্য দেন রাজনাথ। তাঁর দাবি, বর্তমানে ভারতে তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম বিশ্বের প্রায় ১০০টি দেশে ব্যবহার করা হচ্ছে। আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যে এই অগ্রগতিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরেন তিনি।



















