রাজ্য – একসময় বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় কয়লার জোগানে কোল ইন্ডিয়ার উপরই মূলত নির্ভর করতে হত পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম বা WBPDCL-কে। কয়লার জোগানে ঘাটতি দেখা দিলে তার প্রভাব পড়ত বিদ্যুৎ উৎপাদনেও। কিন্তু কয়েক বছরের মধ্যে সেই পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছে। এখন নিজেদের বিদ্যুৎকেন্দ্রগুলির প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত কয়লাও বিক্রি করতে শুরু করেছে রাজ্য সরকারি সংস্থাটি। সেই প্রক্রিয়ার প্রথম বড় পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা NTPC-কে কয়লা সরবরাহ শুরু করেছে WBPDCL।
WBPDCL-এর আওতায় রয়েছে রাজ্যের পাঁচটি বিদ্যুৎকেন্দ্র। এর মধ্যে সবচেয়ে পুরনো ইউনিটটি ষাটের দশক থেকেই চালু রয়েছে। দীর্ঘদিন ধরে ‘ফুয়েল সাপ্লাই এগ্রিমেন্ট’-এর মাধ্যমে কোল ইন্ডিয়া লিমিটেডের কাছ থেকে কয়লা সংগ্রহ করতে হত। ফলে প্রয়োজনীয় কয়লার প্রায় ৮৫ শতাংশের জন্যই বাইরের সংস্থার উপর নির্ভরশীল ছিল WBPDCL।
পরিস্থিতিতে বদল আসে ২০১৯-২০ অর্থবর্ষে। ওই সময়ে WBPDCL-কে নিজস্ব ক্যাপটিভ কয়লা ব্লক বরাদ্দ করা হয়। এরপর ধীরে ধীরে শুরু হয় নিজেদের খনি থেকে কয়লা উত্তোলন। সংস্থার বার্ষিক পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯-২০ সালে কোল ইন্ডিয়ার কাছ থেকে ১২.৫৭ মিলিয়ন টন কয়লা নেওয়া হয়েছিল। সেই সময় নিজস্ব ক্যাপটিভ খনি থেকে উৎপাদন হয়েছিল ১.৯২ মিলিয়ন টন। এরপর সময়ের সঙ্গে নিজস্ব খনিতে উৎপাদনের পরিমাণ দ্রুত বাড়তে থাকে।
নিজস্ব খনি থেকে উৎপাদন বৃদ্ধির ফলে কয়লার জোগানে বাইরের উপর নির্ভরতা কমেছে WBPDCL-এর। বর্তমানে নিজেদের প্রয়োজন মিটিয়ে উদ্বৃত্ত কয়লা অন্য সংস্থাকে সরবরাহ করার পর্যায়ে পৌঁছেছে রাজ্য সরকারি সংস্থাটি। NTPC-কে কয়লা সরবরাহের সূচনা সেই পরিবর্তনেরই অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।



















