দেশ – শিশুর পুষ্টির কথা মাথায় রেখে নেসলের মতো বহুজাতিক সংস্থার বেবিফুডের উপর ভরসা করেন বহু বাবা-মা। এবার সেই পণ্যগুলির উপাদান ও প্যাকেটে দেওয়া তথ্য নিয়ে উঠল প্রশ্ন। নেসলের একাধিক শিশুখাদ্যে বিভ্রান্তিকর দাবি এবং উপাদানের পরিমাণে অসঙ্গতির অভিযোগ সামনে আসার পর সংস্থার কাছে জবাব চেয়ে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া (FSSAI)।
শিশুখাদ্যের ক্ষেত্রে সাধারণ খাবারের তুলনায় নিরাপত্তা ও গুণমান সংক্রান্ত নিয়ম আরও কড়া। সেই নিয়মের আওতায় নেসলের ‘ইনফ্যান্ট নিউট্রিশন’, ‘ন্যান এক্সেল্লা’ এবং ‘ল্যাকটোজেন’-সহ তিনটি জনপ্রিয় পণ্য পরীক্ষা করা হয়। পরীক্ষায় প্যাকেটে উল্লেখ করা বায়োটিনের পরিমাণের সঙ্গে নমুনায় পাওয়া মাত্রার পার্থক্য ধরা পড়েছে বলে অভিযোগ।
সংস্থার তরফে পণ্যে নির্দিষ্ট পরিমাণ বায়োটিন থাকার দাবি করা হলেও পরীক্ষাগারে নমুনা বিশ্লেষণের পর সেই মাত্রা অনেকটাই কম পাওয়া যায় বলে জানা গিয়েছে। বিষয়টি নিশ্চিত করতে দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করা হলেও একই ধরনের ফল সামনে আসে। এরপরই নেসলের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিস পাঠিয়েছে FSSAI। সংস্থার জবাবের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপের বিষয়টি স্পষ্ট হবে।



















