রাজস্থান – মহারাষ্ট্রের জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির নির্বাচনে একতরফা জয় পেল বিজেপি নেতৃত্বাধীন জোট ‘মহাজুটি’ (Mahayuti)। সোমবার প্রকাশিত ফলাফলে স্পষ্ট, রাজ্যের গ্রামীণ স্থানীয় স্বশাসন সংস্থাগুলির সিংহভাগই এবার মহাজুটির দখলে। মহারাষ্ট্র নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যের মোট ৭৩১টি জেলা পরিষদ আসনের মধ্যে ৫৫২টিতেই জয় পেয়েছে মহাজুটি। পাশাপাশি, হাজারের বেশি পঞ্চায়েত সমিতি আসনেও বিপুল সাফল্য এসেছে এই জোটের ঝুলিতে।
দলভিত্তিক ফলাফলে দেখা যাচ্ছে, জেলা পরিষদের ৫৫২টি জয়ী আসনের মধ্যে বিজেপি একাই জিতেছে ২২৫টি আসনে। অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি পেয়েছে ১৬৫টি এবং একনাথ শিন্ডের শিবসেনা পেয়েছে ১৬২টি আসন। বিপরীতে বিরোধী জোট মহাবিকাশ অঘাঢ়ীর ফল অত্যন্ত হতাশাজনক। কংগ্রেস জিতেছে মাত্র ৫৫টি আসন। শরদ পওয়ারের এনসিপি পেয়েছে ২৬টি এবং উদ্ধব ঠাকরের শিবসেনা পেয়েছে ৪৩টি আসন। রাজ ঠাকরের দল এমএনএস লাতুর ও রত্নগিরির জেলা পরিষদে একটি করে আসনে জয় পেয়েছে। এছাড়া ২০টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা।
পঞ্চায়েত সমিতির ফলাফলেও প্রায় একই ছবি ধরা পড়েছে। মোট ১২৫টি পঞ্চায়েত সমিতির ১,৪৬২টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৪৫৯টি আসনে। শিন্ডে গোষ্ঠীর শিবসেনা পেয়েছে ৩০২টি এবং অজিত পওয়ারের এনসিপি জিতেছে ৩০৬টি আসনে। কংগ্রেস পেয়েছে ৯৭টি আসন। অন্যদিকে উদ্ধব ঠাকরের শিবসেনা জিতেছে ৮৯টি এবং শরদ পওয়ারের এনসিপি পেয়েছে মাত্র ৪৬টি আসন। এমএনএস পেয়েছে দু’টি আসন এবং ৩১টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা।
সোমবার সকাল ১০টা থেকে ভোটগণনা শুরু হয়। সূত্রের খবর, রাত ১০টার পরেও খারাড় পঞ্চায়েত সমিতির ২৪টি আসনের ফলাফল ঘোষণা বাকি ছিল। ফলে চূড়ান্ত পরিসংখ্যানে সামান্য হেরফের হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে।
এই বিপুল জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স (প্রাক্তন টুইটার)-এ পোস্ট করে তিনি মহারাষ্ট্রবাসীকে ধন্যবাদ জানান। তাঁর কথায়, “আবার বিজেপি এবং মহাজুটিকে আশীর্বাদ করেছে মহারাষ্ট্র। পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনের জয়ের ধারা জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির ভোটেও বজায় রইল।”




















