মালদা – একনায়কতান্ত্রিকভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনার অভিযোগ তুলে Gour Banga University-এর উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অধ্যাপকরা। শুক্রবার সকাল ১১টা থেকে উপাচার্য Ashish Bhattacharya-র দফতরের সামনে বিক্ষোভ শুরু হয়। তাঁদের অভিযোগ, উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত একবারও ইসি (এক্সিকিউটিভ কাউন্সিল) কমিটির বৈঠক ডাকা হয়নি।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসকে ঘিরে ঘটনাও। অধ্যাপকদের দাবি, বিশেষ কারণে ছুটির আবেদন জানালে কৌশলগতভাবে তাঁকে দায়িত্বের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে উপাচার্য নিজের ক্ষমতা প্রয়োগ করেছেন বলেই অভিযোগ বিক্ষোভকারীদের।
এই ঘটনার প্রতিবাদে শুধু অধ্যাপক নন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অশিক্ষক কর্মীরাও বিক্ষোভে সামিল হন। পাশাপাশি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ তৃণমূলের সারা বাংলা শিক্ষাবন্ধু সমিতির সদস্যরাও দীর্ঘক্ষণ উপাচার্যের দফতরের ভেতরে অবস্থান বিক্ষোভ চালান। একপর্যায়ে উপাচার্য ও আন্দোলনরত অধ্যাপকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি সাময়িকভাবে উত্তপ্ত হয়ে ওঠে।
বিক্ষোভকারীদের অভিযোগ, কোনও আলোচনা বা পরামর্শ ছাড়াই একক সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন উপাচার্য। ইসি কোর কমিটির বৈঠক অবিলম্বে ডাকার দাবি জানানো হয়েছে তাঁদের তরফে। যদিও দাবি মানা হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। বেশ কিছুক্ষণ ধরে উপাচার্যের দফতরে এই বিক্ষোভ চলে।



















