খেলা – আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। রবিবার (২২ ফেব্রুয়ারি) আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম-এ দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে লজ্জার হার মানতে হল ভারতকে। টস জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৭ রান তোলে। জবাবে ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায় ভারত।
১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটাই ছিল ভয়াবহ। প্রথম ওভারেই খাতা না খুলে আউট হন ইশান কিষাণ। পরের ওভারেই মার্কো জানসেন ফেরান তিলক ভার্মা-কে। বড় জুটির আশায় ছিলেন সমর্থকরা, কিন্তু অভিষেক শর্মা মাত্র ১৫ রান করে ফিরে যান। ছয় ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৩১/৩। এরপরও ভরসা জাগাতে পারেননি মিডল অর্ডার। ১০ ওভারে ৫৭/৫ হয়ে যায় ভারত, যখন অধিনায়ক সূর্যকুমার যাদব ২২ বলে ১৮ রান করে আউট হন। ১৫তম ওভারে কেশব মহারাজ এক ওভারে হার্দিক, রিঙ্কু ও অর্শদীপকে ফিরিয়ে ম্যাচ কার্যত শেষ করে দেন। শেষ পর্যন্ত ১১১ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটাও ধাক্কায় ভরা ছিল। দ্বিতীয় ওভারে জসপ্রীত বুমরাহ বোল্ড করেন কুইন্টন ডি কক-কে। এরপর দ্রুত ফেরেন এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন। ছয় ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৪১/৩। তবে এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ডিওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলার। দু’জনের মধ্যে ৯৭ রানের জুটি ভারতীয় বোলারদের চাপে ফেলে দেয়। ব্রেভিস ২৯ বলে ৪৫ রান করেন, আর মিলার ৩৫ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষদিকে ট্রিস্টান স্টাবস অপরাজিত থেকে দলকে ১৮৭ রানে পৌঁছে দেন।
ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন বুমরাহ। চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। আরশদীপ সিং নেন দুটি উইকেট, আর বরুণ ও শিবম দুবে একটি করে উইকেট পান। তবে ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া হয় ভারতের। এই বড় পরাজয় নেট রান রেটে বড় প্রভাব ফেলতে পারে, ফলে সেমিফাইনালে ওঠার লড়াই আরও কঠিন হয়ে গেল টিম ইন্ডিয়ার জন্য।



















