‘দাদাগিরি’ পেরিয়ে এবার ‘বিগবস’-এর মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়

‘দাদাগিরি’ পেরিয়ে এবার ‘বিগবস’-এর মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – আবারও টিভির পর্দায় দাপট দেখাতে চলেছেন ‘প্রিন্স অফ ক্যালকাটা’ খ্যাত সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট মাঠে তাঁর নেতৃত্ব ও ব্যাটিং যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনই রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবেও তিনি সমান জনপ্রিয়। এতদিন দর্শক তাঁকে মূলত দাদাগিরি-র সঞ্চালক হিসেবে দেখেছেন। সেই শোয়ে তাঁর উপস্থিতি যেন একপ্রকার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। তবে এবার নতুন চমক—তিনি সঞ্চালনা করতে চলেছেন জনপ্রিয় রিয়েলিটি শো বিগবস-এর বাংলা সংস্করণ।
মাস কয়েক ধরেই এই নিয়ে জোর জল্পনা চলছিল। অবশেষে সেই গুঞ্জনে সিলমোহর পড়েছে। দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে শিগগিরই স্টার জলসার পর্দায় ফিরছে বিগবস। আগামী ৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্স-এ এই শোয়ের আনুষ্ঠানিক ঘোষণা হতে চলেছে। সেদিন একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মহারাজ। যদিও শো শুরু হতে এখনও কিছুটা সময় বাকি, তবে ঠিক কবে থেকে সম্প্রচার শুরু হবে, কারা প্রতিযোগী হিসেবে অংশ নেবেন এবং কোন স্লটে অনুষ্ঠানটি দেখানো হবে—তা নিয়ে এখনই উত্তেজনা তুঙ্গে।
প্রসঙ্গত, প্রায় ১০ বছর আগে বিগবস বাংলা-কে শেষবার দেখা গিয়েছিল কালার্স বাংলায়। সেই সংস্করণে বিজয়ী হয়েছিলেন অভিনেতা জয়জিৎ। এবার নতুনভাবে স্টার জলসার হাত ধরে ফিরছে শোটি। এরই মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়েও জোর আলোচনা চলছে। জানা গিয়েছে, চলতি মাসেই ছবির শুটিং শুরু হতে পারে। মহারাজের ভূমিকায় দেখা যেতে পারে বলিউড অভিনেতা রাজকুমার রাও-কে। এছাড়া তাঁর স্ত্রীর চরিত্রে অমৃতা চট্টোপাধ্যায়, বাবা-মায়ের ভূমিকায় বোমান ইরানি ও অপরাজিতা আঢ্য এবং প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া-র চরিত্রে অন্য এক অভিনেতাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন।
সব মিলিয়ে ক্রিকেট, সিনেমা ও টেলিভিশনের ব্যস্ত সময়ের মধ্যেই আবার নতুন রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবে ছোট পর্দায় ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top