উত্তরবঙ্গ – রক্তাক্ত ঘটনা দার্জিলিংয়ে। দুই পুলিশ কর্মীর মধ্যে বচসা থেকে হাতাহাতি, এরপর সার্ভিস রিভলবার থেকে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় দার্জিলিংয়ের ডালি পুলিশ লাইনে এই ঘটনা ঘটে। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকায়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন সাব-ইনস্পেকটর বিনোদ তামাং। তাঁকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর পায়ে গুলি লেগেছে এবং তিনি বর্তমানে বিপদমুক্ত। ঘটনার পর অভিযুক্ত এএসআই উমেশ ছেত্রীকে সদর থানার পুলিশ গ্রেপ্তার করে। শনিবার তাঁকে আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রতীক্ষা জাকারিয়া জানিয়েছেন, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি তাঁর মানসিক অবস্থা খতিয়ে দেখতে প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা করা হবে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ঠিক কী কারণে দুই পুলিশ কর্মীর মধ্যে বচসা শুরু হয় এবং কেন গুলি চালানো হল, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশের একটি সূত্রের দাবি, অভিযুক্ত এএসআই মানসিক অবসাদে ভুগছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সেই কারণেই জিজ্ঞাসাবাদের পাশাপাশি মনোবিদের মাধ্যমে তাঁর মানসিক মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে যদি প্রমাণ হয় যে ডিউটিরত অবস্থায় ইচ্ছাকৃতভাবে সার্ভিস রিভলবার থেকে গুলি চালানো হয়েছে, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে, অভিযুক্ত ও আহত দুই পুলিশ কর্মীই দার্জিলিংয়ের বাসিন্দা। তাঁদের মধ্যে কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ লাইনে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।




















