রাজ্য – রাজনৈতিক আদর্শ ও আন্দোলনকেন্দ্রিক অবস্থানের জন্য মূল স্রোতের রাজনীতির থেকে আলাদা পরিচিতি রয়েছে সোশালিস্ট ইউনিট সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) বা এসইউসিআই-এর। ভোটকেন্দ্রিক দল না হলেও পরিষদীয় রাজনীতির প্রতি সম্মান জানিয়ে প্রতি নির্বাচনে অংশ নেয় তারা। নির্দিষ্ট ভোটব্যাঙ্কের ভিত্তিতেই দীর্ঘদিন ধরে সংগঠনটি রাজ্যে সক্রিয় রয়েছে।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় প্রার্থী ঘোষণা করতে চলেছে এসইউসিআই। সূত্রের খবর, রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে প্রায় আড়াইশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে দল। প্রার্থী তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে এবং সোমবার ওয়েলিংটনের সদর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় এক ধাপ এগিয়ে গেল এসইউসিআই, এমনটাই দলের অন্দরের দাবি।
দলীয় সূত্রে জানা গেছে, উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বিস্তৃতভাবে প্রার্থী দেওয়া হচ্ছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে যুব প্রার্থীদের উপর। এসইউসিআই বারবার জানিয়েছে, তারা কোনও নির্বাচনমুখী দল নয়, তবে গণআন্দোলনের পাশাপাশি ভোটের সময়ও পরিষদীয় রাজনীতিতে অংশগ্রহণ করে। সেই নীতির ভিত্তিতেই এবারের নির্বাচনে অংশ নিচ্ছে তারা।
আসন্ন নির্বাচনে এসআইআর ইস্যু ছাড়াও গ্যাসের দাম বৃদ্ধি, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকারের বিদেশনীতি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ—এই সব বিষয়কে সামনে রেখে প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছে দলটি। দীর্ঘদিন ধরেই এসব ইস্যুতে সরব এসইউসিআই।
এসআইআর-পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর প্রায় ৬০ লক্ষ ভোটার বিচারাধীন থাকার বিষয়টি নিয়ে শুরু থেকেই প্রতিবাদ জানিয়েছে তারা। মার্চের শুরু থেকেই কমিশনের কাছে একাধিক দাবিতে চাপ বাড়ায় দলটি। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে—যোগ্য কোনও ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়, যুক্তিহীন ‘তথ্যগত অসঙ্গতি’র অজুহাতে নাম কাটা না হয়, শুনানিতে প্রয়োজনীয় নথি দেওয়ার পরও যাদের নাম বাদ গেছে তাদের দ্রুত অন্তর্ভুক্ত করা এবং সম্পূর্ণ ভোটার তালিকা দ্রুত প্রকাশ করে সবার ভোটাধিকার নিশ্চিত করা। এই দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে বিক্ষোভ ও স্মারকলিপি জমা দিয়েছে এসইউসিআই।
ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই প্রার্থী তালিকা প্রকাশের ঘোষণা করে সংগঠনটি স্পষ্ট করেছে, নির্বাচনী লড়াইয়ে তারা সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত।




















