রাজ্য – রবিবাসরীয় বিকেলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নির্ঘণ্ট ঘোষণার পরই রাজ্যের প্রশাসন ও পুলিশের শীর্ষস্তরে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। শেষ পর্যন্ত কোনও অঘটন না ঘটলে সোমবার, ১৬ মার্চ সূর্যাস্তের আগেই পুলিশের শীর্ষ দুই পদে নতুন মুখ দেখা যাবে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে।
এর আগে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় কমিশন। নির্দেশ অনুযায়ী, ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার দুষ্যন্ত নারিয়ালাকে পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগের কথা বলা হয়েছে। পাশাপাশি ১৯৯৭ ব্যাচের আইএএস অফিসার সঙ্গমিত্রা ঘোষকে প্রিন্সিপাল সেক্রেটারি, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স পদে বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এবার পুলিশের শীর্ষ পদেও পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্য পুলিশের নতুন ডিজি এবং কলকাতা পুলিশের নতুন কমিশনার নিয়োগ নিয়ে জল্পনা তুঙ্গে। সরকারি শীর্ষ সূত্রের দাবি, দুঁদে দুই পুলিশ কর্মকর্তাকে এই দুই গুরুত্বপূর্ণ পদে আনা হতে পারে। তাঁদের মধ্যে একজন ডিজি পদের জন্য যোগ্য হলেও নবান্ন তাঁকে ওই দায়িত্বে বেছে নেয়নি বলে জানা যাচ্ছে। অন্য এক আইপিএস কর্মকর্তাকে প্রশাসনিক মহলে সৎ ও একনিষ্ঠ হিসেবে পরিচিত বলা হলেও, ক্ষমতার কেন্দ্রের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনার জেরে তাঁকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছিল বলে সূত্রের দাবি।
দিল্লির নির্বাচন সদন থেকে রাজ্যের মুখ্যসচিবের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, বদলি অবিলম্বে কার্যকর করতে হবে এবং সংশ্লিষ্ট আধিকারিকরা দায়িত্ব গ্রহণ করেছেন কি না, তার রিপোর্ট ১৬ মার্চ বিকেল ৩টার মধ্যে কমিশনকে জানাতে হবে।
এছাড়া কমিশন আরও জানিয়েছে, যাঁদের বর্তমান পদ থেকে সরানো হচ্ছে, তাঁদের নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্ব ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দেওয়া যাবে না। কমিশনের এই সিদ্ধান্তকে ঘিরে রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।




















