রাজ্য – ছাব্বিশের ভোটের আগে বড় পরিবর্তনের সাক্ষী হতে চলেছে ভাঙড়। নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেস ছাড়ার পথে রয়েছেন ভাঙড়ের পরিচিত নেতা আরাবুল ইসলাম। রাজনৈতিক মহলে জল্পনা, তিনি যোগ দিতে পারেন নওশাদ সিদ্দিকির দল আইএসএফে।
সূত্রের খবর, আজই আরাবুল ইসলামের ফুরফুরা শরিফ যাওয়ার কথা রয়েছে। সেখানে আইএসএফের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে দলে যোগ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন তিনি। যদিও এ বিষয়ে তিনি সরাসরি কিছু জানাননি, তবে দলের সঙ্গে দূরত্ব বাড়ার ইঙ্গিত মিলেছে তাঁর বক্তব্যে।
আরাবুল ইসলাম বলেন, তাঁকে তৃণমূল যথাযথভাবে মূল্যায়ন করতে পারেনি। দীর্ঘদিন ধরে দলের সঙ্গে থেকে কাজ করলেও বর্তমানে তিনি কোণঠাসা অবস্থায় রয়েছেন বলে তাঁর অভিমত। এই অভিমান থেকেই দল ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন বলে রাজনৈতিক মহলের ধারণা।
শোনা যাচ্ছে, আরাবুল ইসলামের সঙ্গে তৃণমূলের আরও এক নেতা কাইজার আহমেদও দলত্যাগ করতে পারেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে ভাঙড়ের রাজনীতিতে এই সম্ভাব্য পরিবর্তন নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করা হচ্ছে।
ভোটের আগে এমন অদলবদলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে তৎপরতা বেড়েছে। এখন নজর আইএসএফ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর আরাবুল ইসলামের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।




















