নিজস্ব সংবাদদাতা ,মালদা,২৭ শে মার্চ : বিয়ের সাত মাসের মধ্যে নব বধূকে মারধোর করে কীটনাশক খাইয়ে খুন করার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। সোমবার রাতে পুরাতন মালদার ১৩ নম্বর ওয়ার্ডের খৈইহাট্টা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায়। বাবার বাড়ির লোকেরা মালদা থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম রুকমণি হালদার সরকার। স্বামী অক্ষয় সরকার পেশায় লড়ির খালাসি। বাড়ি পুরাতন মালদার ১৩ নম্বর খৈইহাট্টা এলাকায়। জানা গিয়েছে গত সাত মাস আগে এলাকার বাসিন্দা অক্ষয় সরকারকে প্রেম করে বিয়ে করে রুকমণি হালদার সরকার। বিয়ের কিছু দিন পর থেকেই শুরু হয় গৃহবধূর উপর অত্যাচার। স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা মাঝে মধ্যেই তাকে মারধোর করত। সোমবার রাতে ফের তাকে মারধোর করে। বাবার বাড়ির লোকেদের অভিযোগ, এদিন রাতে মারধোর করে জোর করে তাকে কীটনাশক খাইয়ে দেয়।খবর পেয়ে বাবা বাড়ির লোকেরা ছুটে যায়। মেয়ের দেহ পড়ে থাকতে দেখে। ঘটনার পর থেকে পলাতক স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা। ঘটনায় মালদা থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।



















