এসআইআর বিতর্কে নতুন মাত্রা, বাংলায় ভোটার তালিকা নিয়ে উদ্বেগ প্রকাশ পারকালা প্রভাকরের

এসআইআর বিতর্কে নতুন মাত্রা, বাংলায় ভোটার তালিকা নিয়ে উদ্বেগ প্রকাশ পারকালা প্রভাকরের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ভোটমুখী পশ্চিমবঙ্গ-এ এসআইআর (SIR) নিয়ে বিতর্ক যেন থামছেই না। এখনও পর্যন্ত প্রায় ৯১ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ, যা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। বিরোধীদের দাবি, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র অজুহাতে ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে এবং এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন কেন্দ্রের নির্দেশেই কাজ করছে।
এবার এই ইস্যুতে সরব হলেন বিশিষ্ট অর্থনীতিবিদ পারকালা প্রভাকর, যিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন-এর স্বামী। তিনি দাবি করেন, বাংলায় যে পরিস্থিতি তিনি দেখছেন তা অত্যন্ত উদ্বেগজনক। তাঁর কথায়, “এখন সরকার ঠিক করে দিচ্ছে কে ভোট দেবে, কে দেবে না। এসআইআর প্রক্রিয়ায় বড়জোর হাজার দু’য়েক নাম বাদ যেতে পারে, কখনই তা লক্ষের ঘরে পৌঁছতে পারে না।”
রবিবার কলকাতা প্রেস ক্লাব-এ ‘এডুকেশনিস্ট ফোরাম’-এর উদ্যোগে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র নামে যেভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, তার প্রতিবাদ জানাতেই এই বৈঠক। সেখানে উপস্থিত থেকে পারকালা প্রভাকর নির্বাচন কমিশন ও সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং একই বক্তব্য পুনরায় তুলে ধরেন।
শুধু বাংলাই নয়, এর আগেও অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। তাঁর দাবি, গত ১৩ মে রাত থেকে ১৪ মে রাতের মধ্যে প্রায় ৫২ লক্ষ ভোট পড়েছে, যার মধ্যে প্রায় ১৭ লক্ষ ভোট মধ্যরাতের পর দেওয়া হয়েছে। কোথাও ২০ সেকেন্ডে একটি, আবার কোথাও ৬ সেকেন্ডে একটি করে ভোট পড়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ, যা তাঁর মতে কার্যত অসম্ভব।
উল্লেখ্য, এই একই আশঙ্কা আগে প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে প্রশ্ন উঠছে, আগামী ২০২৬-এর নির্বাচনে বাংলাতেও কি ‘অন্ধ্র মডেল’-এর পুনরাবৃত্তি হতে পারে? সব মিলিয়ে, ভোটার তালিকা ও ভোট প্রক্রিয়া নিয়ে সন্দেহ-অভিযোগে আরও জটিল হয়ে উঠছে বাংলার নির্বাচনী রাজনীতি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top