পাণ্ডুয়ার মঞ্চে তোপের রাজনীতি: ‘ভুয়ো ডাক্তার’ ইস্যুতে বিজেপি প্রার্থীকে নিশানা অভিষেকের

পাণ্ডুয়ার মঞ্চে তোপের রাজনীতি: ‘ভুয়ো ডাক্তার’ ইস্যুতে বিজেপি প্রার্থীকে নিশানা অভিষেকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – প্রথম দফার ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ২৩ এপ্রিল নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচার চালাচ্ছে সব রাজনৈতিক দল। সেই আবহেই হুগলির পাণ্ডুয়ায় তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তীর সমর্থনে সভা করে বিজেপি প্রার্থী তুষার মজুমদারকে তীব্র আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সভা থেকে তিনি সরাসরি তুষার মজুমদারকে ‘ভুয়ো চিকিৎসক’ বলে কটাক্ষ করেন। তাঁর দাবি, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বিজেপি প্রার্থী। যদিও এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে পালটা দাবি করেছেন তুষার মজুমদার।
এবার পাণ্ডুয়া বিধানসভা কেন্দ্র থেকে সমীর চক্রবর্তীকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তাঁর সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, তুষার মজুমদার আগে ধনেখালি থেকে প্রার্থী হয়ে প্রায় ৩১ হাজার ভোটে হেরেছিলেন। সেই প্রার্থীকে এবার পাণ্ডুয়ায় দাঁড় করানো হয়েছে বলেও কটাক্ষ করেন তিনি।
অভিষেকের কথায়, “আগে তিনি নিজের নামের আগে ‘ডাক্তার’ লিখতেন, পরে সেটা বাদ দিয়েছেন। এমন একজনকে প্রার্থী করা হয়েছে যিনি হাতুড়ে ডাক্তার।” তিনি আরও দাবি করেন, তুষার মজুমদারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ হওয়া উচিত।
শুধু তাই নয়, বিজেপি প্রার্থীর সঙ্গে পাণ্ডুয়ার কোনও সম্পর্ক নেই বলেও অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি অতীতে দুর্নীতির অভিযোগে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার কথাও উল্লেখ করেন, যা তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে বলে দাবি অভিষেকের।
কোভিড পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যাঁদের বিপদের সময় পাশে পাওয়া যায় না, তাঁদের এই মাটিতে কোনও জায়গা নেই।” একইসঙ্গে তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তীর প্রশংসাও শোনা যায় তাঁর বক্তব্যে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী তুষার মজুমদার। তিনি বলেন, “মিথ্যা অভিযোগ করে কোনও লাভ হবে না। আমি পাণ্ডুয়ার মানুষের পাশে আছি এবং থাকব। উনি কী বললেন, তাতে কিছু যায় আসে না।”
ভোটের আগে এই ধরনের আক্রমণ-পালটা আক্রমণে পাণ্ডুয়ার রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top