বিধাননগরের করুণাময়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগী-পরিজন

বিধাননগরের করুণাময়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগী-পরিজন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে আনন্দলোক হাসপাতাল-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। সকালেই হঠাৎ হাসপাতালের দোতলায় আগুন দেখতে পান প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতাল চত্বর, যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী ও তাঁদের পরিবারের মধ্যে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। পরিস্থিতির গুরুত্ব বুঝে পরে আরও একটি ইঞ্জিন পাঠানো হয় এবং প্রয়োজনে আরও ইঞ্জিন মোতায়েনের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। আগুন প্রথমে দোতলার একটি অংশে দেখা গেলেও, কিছুক্ষণের মধ্যেই তা অপারেশন থিয়েটারের একাংশে ছড়িয়ে পড়ে বলে জানা যায়।
দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। একই সঙ্গে দ্রুততার সঙ্গে শুরু হয় রোগীদের সরিয়ে নেওয়ার কাজ। হাসপাতালের বিভিন্ন তলা থেকে রোগীদের নিরাপদ স্থানে স্থানান্তর করা হচ্ছে। ভেতরে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারী দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। যদিও প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এসি-র শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
আচমকা এই ঘটনায় হাসপাতাল চত্বরে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অনেক রোগী ও তাঁদের পরিজন ভয়ে বাইরে রাস্তায় নেমে আসেন। চারপাশে ছড়িয়ে পড়া ধোঁয়া পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। দমকলের তৎপরতায় ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top