মে দিবসের সকালেই ধাক্কা, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার পর জ্বালানির দাম বৃদ্ধির জল্পনা তুঙ্গে

মে দিবসের সকালেই ধাক্কা, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার পর জ্বালানির দাম বৃদ্ধির জল্পনা তুঙ্গে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – মে দিবসের সকালেই আশঙ্কা বাস্তবে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট শেষ হতে না হতেই শুক্রবার (১ মে) সকালে বড়সড় সিদ্ধান্ত নেয় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এক ধাক্কায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি ৫ কেজির এলপিজি সিলিন্ডারের দামও ২৬১ টাকা বেড়েছে।
এই মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে না সামলাতেই ফের সাধারণ মানুষের জন্য আরও চাপের আশঙ্কা তৈরি হয়েছে। সূত্রের খবর, এবার পেট্রল ও ডিজেলের দাম বাড়ানোর পথে হাঁটতে পারে কেন্দ্র। লিটার প্রতি জ্বালানির দাম ৪ থেকে ৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। একইসঙ্গে গৃহস্থের ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়তে পারে বলেও ইঙ্গিত মিলছে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই বিষয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি।
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জেরে দেশে রান্নার গ্যাস সরবরাহ নিয়েও কিছুটা চাপ তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে গ্যাস পেতে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। কোথাও কোথাও এক হাজার টাকার গ্যাস সিলিন্ডার তিন থেকে চার হাজার টাকায় কিনতে হচ্ছে বলে দাবি করা হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে যে দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে।
পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোট শেষ হওয়ার পরই রান্নার গ্যাস এবং পেট্রল-ডিজেলের দাম বাড়তে পারে বলে আগে থেকেই জল্পনা চলছিল। সেই জল্পনাই এখন বাস্তবের দিকে এগোচ্ছে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে লোকসান সামাল দিতে জ্বালানির দাম সমন্বয়ের পরিকল্পনা চলছে। সেই অনুযায়ী পেট্রল ও ডিজেলের দাম লিটার প্রতি ৪ থেকে ৫ টাকা বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি রান্নার গ্যাসের দামও ৪০ থেকে ৫০ টাকা বাড়তে পারে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top