রাজ্য – বাংলায় সদ্য ক্ষমতায় এসেছে বিজেপি। রাজ্যজুড়ে বইছে গেরুয়া হাওয়া। এই রাজনৈতিক আবহের মধ্যেই রবিবার কলকাতার আমহার্স্ট স্ট্রিট এলাকায় আয়োজিত হল মাছ উৎসব। কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের বলাই সিংহ লেনে বিজেপি কর্মীদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবে যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং মানিকতলা বিধানসভার বিধায়ক তাপস রায়।
এলাকার সাধারণ মানুষদের মাছ-ভাত খাইয়ে উৎসব উদযাপন করা হয়। দুপুর থেকেই উৎসব ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়। পাত পেড়ে বসে মাছ-ভাত খেতে দেখা যায় বিজেপি নেতা-কর্মী থেকে সাধারণ মানুষ সকলকেই।
জানা গিয়েছে, এদিনের মাছ উৎসবের মেনুতে ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, ফিশ ফিঙ্গার, রুই মাছ, ভেটকি মাছ এবং পাবদা মাছ। বাঙালির ঐতিহ্যবাহী খাবারের আয়োজন ঘিরে উৎসবে উপচে পড়ে ভিড়।
অনুষ্ঠান মঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন তাপস রায়। তিনি অভিযোগ করেন, “মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে মানুষকে বিভ্রান্ত করেছেন। বাঙালির মাছ-ভাতের সংস্কৃতি কার্যত ধাক্কা খেয়েছে। বাংলায় যত পরিমাণ মাছের প্রয়োজন, গত ১৫ বছরে তার ব্যবস্থা করা হয়নি। বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে মাছ আসার কারণেই বাংলার মানুষ মাছ ও ডিম খেতে পাচ্ছেন।”
অন্যদিকে দিলীপ ঘোষও তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর অনুগামীরা এতদিন নানা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছেন। আমরা মুখে নয়, কাজে তার জবাব দেব। আমাদের সরকার সেইভাবেই কাজ করবে। তাই বিজেপি কর্মীরা প্রথমেই বাঙালিকে মাছ-ভাত খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন।”
রাজনৈতিক পালাবদলের আবহে এই মাছ উৎসব ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বাঙালির আবেগের অন্যতম অংশ মাছ-ভাতকে কেন্দ্র করেই নতুন রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করছে বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।



















